শ্রীলঙ্কায় ত্রাণ হিসেবে মেয়াদোত্তীর্ণ খাবার পাঠিয়ে সমালোচনায় পাকিস্তান

অবশ্যই পরুন

শ্রীলঙ্কার ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মানবিক সহায়তা পাঠালেও বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তান। দেশটি যে খাদ্যসামগ্রী পাঠিয়েছে, সেগুলোর প্যাকেটে উল্লেখিত তারিখই জানিয়ে দিচ্ছে—সহায়তা হিসেবে পাঠানো খাবারগুলো মেয়াদোত্তীর্ণ।

ঘূর্ণিঝড় ডিটওয়াহের প্রভাবে শ্রীলঙ্কায় তীব্র বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত প্রায় ৩৯০ জনের মৃত্যু হয়েছে। দেশটি জরুরি অবস্থা জারি করে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে। এ অবস্থায় ভারত ও পাকিস্তান দুই দেশই ত্রাণ সহায়তা পাঠায়।

কিন্তু পাকিস্তান থেকে পাঠানো খাদ্যসামগ্রীর প্যাকেটেই দেখা যায় এক্সপায়ারি ডেট ১০/২০২৪, অর্থাৎ খাবারগুলো গত বছরই মেয়াদোত্তীর্ণ হয়েছে। মজার বিষয়—এই ভুলটি সামনে আনে পাকিস্তান নিজেই। শ্রীলঙ্কায় ত্রাণ পাঠানোর ছবি পোস্ট করে পাকিস্তান হাই কমিশন এক্স প্ল্যাটফর্মে (টুইটার) যে বার্তা দেয়, সেই ছবিতেই স্পষ্ট দেখা যায় মেয়াদোত্তীর্ণ তারিখ।

পোস্টে লেখা ছিল, “সর্বদা একসঙ্গে! শ্রীলঙ্কার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় পাকিস্তান থেকে ত্রাণ পাঠানো হয়েছে।” তবে ছবিতে মেয়াদোত্তীর্ণ লেখা নজরে পড়তেই বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং শুরু হয় ব্যাপক সমালোচনা।

বিতর্ক বাড়তে থাকায় পাকিস্তান হাই কমিশন পোস্টটি সরিয়ে নেয়, কিন্তু তাতে শ্রীলঙ্কার ক্ষোভ প্রশমিত হয়নি। পাশাপাশি ভারতীয় গণমাধ্যমও বিষয়টিকে নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ