ফুটবলে বাইসাইকেল কিক সাধারণ দৃশ্য নয়; যখনই কেউ এমন একটি গোল করে, মুহূর্তেই আলোচনায় উঠে আসে। কয়েক দিন আগে নেপালের বিপক্ষে এমনই গোল করে আলোচনায় এসেছিলেন বাংলাদেশের হামজা চৌধুরী।
কিন্তু বয়সের সীমা যেন কিছুতেই স্পর্শ করতে পারে না ক্রিস্টিয়ানো রোনালদোকে। ৪০ ছুঁইছুঁই বয়সেও এই পর্তুগিজ তারকা দেখালেন এমন এক বাইসাইকেল কিক, যা যে কারও চোখ কাড়বে।
সৌদি প্রো লিগে আল খালেজের বিপক্ষে আল নাসরের হয়ে মাঠে নেমেই আবারও বিস্ময় উপহার দিলেন তিনি। ম্যাচের যোগ করা সময় ৯৬তম মিনিটে—ডান দিক থেকে নাওয়াফ বাওশালের ক্রস পেয়ে মুহূর্তে শরীর তুললেন বাতাসে। পিঠ যখন মাটির দিকে, দুই পা কাঁচির মতো ছুড়ে বলটিকে পাঠিয়ে দিলেন সরাসরি জালে। গোলকিপার আন্থনি মারেজ কিছুই করতে পারলেন না; বল চোখের সামনে দিয়েই জালে জড়ালো।
গোলের পর সতীর্থদের সঙ্গে দারুণ উদ্যাপন, আর ম্যাচ শেষে সেই গোলের ভিডিও পোস্ট করেন রোনালদো নিজেই। ক্যাপশন তিনি লেখেননি—বরং ভক্তদের বলেছেন, “Best caption wins.” এরপর ভক্তদের সৃজনশীল ক্যাপশনে ছয়লাপ—
কারও মতে, “এই বাইসাইকেল কিকে হেটাররা গায়েব।”
আবার কেউ লিখেছে, “আকাশে ভেসে যাওয়া বলের শেষ ঠিকানা ছিল শুধু জাল।”
আরেকজন মনে করিয়ে দিয়েছেন, “মুকুটটা এখনো তার মাথায় সবচেয়ে মানায়।”
এই রাতে আল নাসরও পেয়েছে টানা নবম জয়। ২৭ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে, তাদের ঠিক নিচে ২৩ পয়েন্ট নিয়ে আল হিলাল। সামনে এএফসি কাপে আল নাসরের প্রতিপক্ষ তাজিকিস্তানের ক্লাব ইস্টিকলোল।
চিরকালীন রাজা রোনালদো আবারও প্রমাণ করলেন—বয়স কেবল সংখ্যামাত্র।
ন্যাশনিক্স/এজে
