মাদারীপুরে যৌতুকের দাবিসহ পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
শনিবার (১ নভেম্বর) দুপুরে মাদারীপুর শহরের বাদামতলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে।
নিহত দিপ্তী মন্ডল শরিয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামের প্রদীপ মন্ডলের মেয়ে। তিন বছর আগে তার বিয়ে হয় মাদারীপুরের বাদামতলা এলাকার তাপস মন্ডলের সঙ্গে। পারিবারিকভাবে বিয়ে হলেও বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে দিপ্তীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো বলে অভিযোগ স্বজনদের।
পরিবারের সদস্যরা জানান, বিয়ের সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ দেওয়া হলেও স্বামী ও শ্বশুরবাড়ির পক্ষ থেকে আরও যৌতুকের চাপ দেওয়া হতো। প্রায়ই ছোটখাটো বিষয় নিয়ে দিপ্তীকে মারধর করা হতো। কয়েকবার বাবার বাড়ি চলে গেলেও পরে আবারও শান্তনার মাধ্যমে তাকে শ্বশুরবাড়িতে ফিরিয়ে আনা হয়।
শনিবার দুপুরে যৌতুক ও পারিবারিক কলহের জেরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। এরপর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলেও দাবি করেছে দিপ্তীর পরিবার।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
