সংস্কার ভেস্তে দিচ্ছে একদল, নির্বাচন পেছাতে চাইছে আরেক দল: নাহিদ

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জামায়াতের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে। অন্যদিকে আরেক দল সংস্কারের উদ্যোগ ভেস্তে দিচ্ছে। এই দুই পক্ষের কর্মকাণ্ডে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

রবিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা চাই নির্ধারিত সময়ে—ফেব্রুয়ারিতেই নির্বাচন হোক। একই সঙ্গে জুলাই সনদ আইনি স্বীকৃতি পাক এবং বাস্তবায়িত হোক। কোনো পক্ষ যেন নির্বাচন বিলম্ব বা সংস্কার বাধাগ্রস্ত না করে।”

তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান, তারা যেন ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে। জুলাই সনদ নিয়ে কিছু দলের ‘নোট অব ডিসেন্ট’ থাকলেও তা গণভোটে কার্যকর হবে না। ঐকমত্যের প্রক্রিয়াকে দুর্বল করা দেশের জন্য ক্ষতিকর।”

গণভোট প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, “গণভোট নির্বাচনের আগে বা নির্বাচনের দিন—যেকোনো সময় হতে পারে, তবে মূল বিষয় হলো জুলাই সনদের আদেশ জারি ও বাস্তবায়ন। এটি প্রেসিডেন্টের নয়, বরং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মাধ্যমেই জারি করতে হবে। অন্যথায় জুলাই অভ্যুত্থানের চেতনা ক্ষতিগ্রস্ত হবে।”

নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ৩০০ আসন নিয়েই প্রস্তুতি নিচ্ছি। আমি নিজেও ঢাকার একটি আসন থেকে প্রার্থী হচ্ছি। এই মাসের মধ্যেই প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে।”

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ