রয়টার্স আর সাংবাদিকতার মানদণ্ড মানছে না: উপ-প্রেস সচিব

অবশ্যই পরুন

উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেছেন, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখন আর তার অতীতের সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখতে পারছে না। বিশেষ করে বাংলাদেশের বিষয়ে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে ভুল, পক্ষপাত ও উদাসীনতা লক্ষ্য করা গেছে বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে আজাদ মজুমদার লিখেছেন, “আমি রয়টার্সের সঙ্গে সাত বছর কাজ করেছি। তাই তাদের সম্পাদকীয় ধারা ও পেশাদার নীতিমালা সম্পর্কে ভালোভাবেই জানি। কিন্তু বর্তমানে সংস্থাটি নিজের নির্ধারিত উচ্চ মান থেকে সরে গেছে—বিশেষ করে বাংলাদেশের খবর কভার করার ক্ষেত্রে এটি স্পষ্ট হয়ে উঠছে।”

তিনি উল্লেখ করেন, গত দেড় বছরে রয়টার্স বাংলাদেশ সংক্রান্ত অন্তত তিনটি গুরুতর ভুল করেছে।
প্রথমত, এক আইনজীবী হত্যার ঘটনায় ভুয়া উদ্ধৃতি ব্যবহার করে ভুলভাবে জানানো হয় যে নিহত ব্যক্তি একজন আটক প্রাক্তন ইস্কন নেতার আইনজীবী।
দ্বিতীয়ত, একই প্রতিবেদনে এমন একটি ভিডিও সংযুক্ত করা হয় যার ঘটনার সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। পরে রয়টার্স ভুল স্বীকার করে নিবন্ধ সংশোধন ও ভিডিও প্রত্যাহার করলেও বাংলাদেশের জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চায়নি।
তৃতীয়ত, সম্প্রতি প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের সময় সংস্থাটি জানায়, বাংলাদেশ ও মালয়েশিয়া মিয়ানমারে যৌথ শান্তি মিশনে সম্মত হয়েছে—যা সম্পূর্ণ ভুল ছিল। বাংলাদেশ এমন কোনো প্রস্তাব বা সম্মতি দেয়নি।

আজাদ মজুমদার জানান, ভুলটি সংশোধনের পরও রয়টার্স কোনো ব্যাখ্যা বা ক্ষমা প্রার্থনা করেনি। তিনি আরও বলেন, “এই ধারাবাহিক ভুলগুলো প্রমাণ করে রয়টার্স এখন আর সাংবাদিকতার আদর্শের ধারক নয়। তাদের যেসব প্রতিবেদন কেবল ইমেল যোগাযোগ বা ছবি ছাড়া তথ্যের ভিত্তিতে তৈরি হয়, সেগুলো সন্দেহের চোখে দেখা উচিত।”

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ