টি-টোয়েন্টিতে সাম্প্রতিক চারটি দ্বিপক্ষীয় সিরিজে জয় পাওয়া বাংলাদেশ এবার নিজেদের মাঠেই হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারল না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে হেরে ধবলধোলাই হলো স্বাগতিকরা।
আজ চট্টগ্রামে অনুষ্ঠিত শেষ টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হার দেখেছে বাংলাদেশ। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৯ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয়।
বাংলাদেশের শুরুটা ভালোই ছিল দলীয় ৫২ রানে তিন উইকেট তুলে নেয় তারা। কিন্তু এরপর আকিম অগুস্তে ও রোস্টন চেসের জুটি সব আশা নিভিয়ে দেয়। চতুর্থ উইকেটে এই দুজন মিলে ৯১ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়েন, দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। জয়ের খুব কাছে গিয়ে আউট হলেও ততক্ষণে ম্যাচ পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের দখলে চলে যায়।
বাংলাদেশের হয়ে লেগ-স্পিনার রিশাদ হোসেন সর্বোচ্চ ৩ উইকেট নেন।
ব্যাটিংয়ে বাংলাদেশের মূল ভরসা ছিলেন তানজিদ হাসান তামিম। ইনিংসের শুরু থেকে অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগ পর্যন্ত খেলেছেন ক্যারিয়ারসেরা ৮৯ রানের ইনিংস, যেখানে ছিল ৯ চার ও ৪ ছক্কা। তাকে সামান্য সাপোর্ট দেন সাইফ হাসান (২৩)। বাকিদের ব্যর্থতায় দল থামে ১৫১ রানে।
ওয়েস্ট ইন্ডিজের পেসার রোমারিও শেফার্ড আজ রচনা করেন এক বিশেষ ইতিহাস ক্যারিয়ারে প্রথমবারের মতো হ্যাটট্রিক পান তিনি। ১৭তম ওভারের শেষ বলে নুরুল হাসান সোহানকে আউট করার পর ২০তম ওভারের প্রথম দুই বলে ফেরান তানজিদ তামিম ও শরীফুল ইসলামকে।
নিজেদের মাঠে এমন পরাজয়ে হতাশ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ছুটছে উজ্জ্বল ধারায় নতুন সাফল্যের পথে।
ন্যাশনিক্স/এপি
