গোলখরা ভেঙে রিয়ালকে জেতালেন বেলিংহ্যাম

অবশ্যই পরুন

দীর্ঘদিন গোলের দেখা না পাওয়া ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম অবশেষে রিয়াল মাদ্রিদকে জয়ের হাসি উপহার দিলেন। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের বিপক্ষে তার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় স্প্যানিশ জায়ান্টরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই রিয়াল আধিপত্য বিস্তার করে। বল দখলে রাখে প্রায় ৬৬ শতাংশ সময়, আর প্রতিপক্ষের চেয়ে দ্বিগুণেরও বেশি শট নেয়। তবে প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লেগে ফিরে এলে সুযোগটি কাজে লাগান বেলিংহ্যাম। কাছাকাছি দূরত্ব থেকে নেওয়া তার শটে অবশেষে জালে জড়ায় বল।

বেলিংহ্যাম শেষবার গোল করেছিলেন ফিফা ক্লাব বিশ্বকাপের সময়, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত জুন-জুলাইয়ের আসরে। এরপর হাতের ইনজুরিতে পড়ায় সার্জারি করতে হয়, যার কারণে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। সেপ্টেম্বরে লা লিগায় ফিরলেও গোল পাচ্ছিলেন না এই মিডফিল্ডার। অবশেষে জুভেন্তাসের বিপক্ষে গোল করে ফেরালেন আত্মবিশ্বাস।

ম্যাচ শেষে রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, “ইনজুরি কাটিয়ে ফেরার পর জুডের এমন পারফরম্যান্স দরকার ছিল। শুধু গোল নয়, পুরো ম্যাচেই সে দুর্দান্ত খেলেছে।”

অন্যদিকে রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া তার ৩০০তম ম্যাচে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেভ করে দলকে রক্ষা করেন। ম্যাচের সেরা নির্বাচিত হন তরুণ তুর্কি মিডফিল্ডার আর্দা গুলার। যদিও ম্যাচের শেষ দিকে রাউল অ্যাসেনসিওর মাংসপেশির ইনজুরি রিয়ালের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগে এ নিয়ে টানা তিন ম্যাচে জিতল রিয়াল মাদ্রিদ। ৯ পয়েন্ট নিয়ে তারা এখন পঞ্চম স্থানে, তাদের ঠিক ওপরে আছে পিএসজি, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান ও আর্সেনাল।

ন্যাশনিক্স এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ