বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের ৮৩তম জন্মদিন আজ (বুধবার)। ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই বর্ষীয়ান রাজনীতিক।
দীর্ঘ রাজনৈতিক জীবনে ষাটের দশকের ছাত্র আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি ছিলেন অগ্রসৈনিকদের একজন। বর্তমানে বয়সজনিত জটিলতায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত এক মাস ধরে তিনি সেখানে আছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ব্যক্তিগত সহকারী আবুল খায়ের। তিনি জানান, তোফায়েল আহমেদ এখন স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন এবং লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে।
তোফায়েল আহমেদ বরিশালের ব্রজমোহন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকাবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ছাত্রজীবনেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরপর বেশ কয়েকটি পদে থেকে ছাত্র রাজনীতির নেতৃত্ব দেন— ব্রজমোহন কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল ছাত্র সংসদের সহসভাপতি পর্যন্ত।
১৯৬৮-৬৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তার নেতৃত্বে আন্দোলনের চাপেই পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানসহ আগরতলা ষড়যন্ত্র মামলার সকল আসামিকে মুক্তি দিতে বাধ্য হয়। একই বছর ২৩ ফেব্রুয়ারি ঐতিহাসিক রেসকোর্স ময়দানে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন তোফায়েল আহমেদ নিজেই।
১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে ভোলা-দৌলতখান-মনপুরা আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর চার আঞ্চলিক প্রধানের একজন হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেন।
নব্বইয়ের দশকে এরশাদবিরোধী আন্দোলন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত তিনি নয়বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ ও ২০১৪ সালে তিনি শিল্প ও বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি দলের উপদেষ্টা পরিষদের সদস্য।
ন্যাশনিক্স/এজে
