প্রতিদিন লাখো গাড়ি, টোলের হিসাবে কম দেখানো হচ্ছে! বিএনপি সরকারের আমলেও রাজস্ব ফাঁকির অভিযোগ

অবশ্যই পরুন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রতিদিন এক লাখের বেশি যানবাহন চলাচলের তথ্য উঠে এলেও টোল আদায়ের হিসাবে দেখানো হচ্ছে ৭০ থেকে ৭৫ হাজার। এতে সরকারের বিপুল অঙ্কের রাজস্ব হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) গোপন অনুসন্ধানেও যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায়ে অনিয়মের অভিযোগ উঠে এসেছে। অথচ এসব অনিয়মের বিষয়ে সরকারের নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এসবির প্রতিবেদনে বলা হয়েছে, ব্যস্ত সময়ে ম্যানুয়ালি টোল আদায়, একই রসিদ একাধিক গাড়ির ক্ষেত্রে ব্যবহার এবং কেন্দ্রীয় সফটওয়্যারে কিছু যানবাহনের তথ্য অন্তর্ভুক্ত না করার অভিযোগ রয়েছে। গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে পাঠানো প্রতিবেদনে টোল আদায়ের অনিয়মের পাশাপাশি অনুমোদন ছাড়া তৃতীয় পক্ষকে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া এবং বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের পদাবনতি ও চাকরিচ্যুতির বিষয়ও তুলে ধরা হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) প্রকল্প। চুক্তি অনুযায়ী, টানা ১৫ দিন দৈনিক ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করলে অতিরিক্ত যানবাহনের টোল থেকে পাওয়া অর্থের ২৫ শতাংশ সরকারের পাওয়ার কথা। কিন্তু যানবাহনের প্রকৃত সংখ্যা নিয়ে অসংগতি এবং টোল আদায়ে অনিয়মের অভিযোগের কারণে সরকারের রাজস্বপ্রাপ্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, চালুর পর তিন বছরে মোট ২১ দিন ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করেছে, তবে তা টানা ১৫ দিন ছিল না। ম্যানুয়ালি টোল দেওয়া গাড়ির হিসাবও রাখা হচ্ছে বলে দাবি করেন তিনি। এসবির প্রতিবেদনে সন্দেহ প্রকাশের বিষয়টি ভুল নয় উল্লেখ করে টোল আদায়ের প্রক্রিয়া পর্যবেক্ষণের কথা জানিয়েছেন সচিব।

তবে প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা দাবি করেছেন, বিনিয়োগকারী প্রতিষ্ঠানের দেওয়া যানবাহন চলাচলের তথ্যের সঙ্গে তাঁদের তথ্যের মিল রয়েছে। অনিয়মের অভিযোগ সম্পর্কে তিনি নতুন যোগ দেওয়ায় অবগত নন বলেও জানান।

এদিকে এক্সপ্রেসওয়ের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। গত বছর এফডিইই টোল আদায়সহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে শ্যানডং হাইস্পিড ইন্টারন্যাশনাল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স প্রাইভেট লিমিটেড নামে আরেকটি চীনা প্রতিষ্ঠানকে যুক্ত করে। এরপর গুরুত্বপূর্ণ পদে থাকা বাংলাদেশি কর্মীদের সরিয়ে চীনা নাগরিকদের নিয়োগ এবং বাংলাদেশি কর্মীদের পদাবনতি ও চাকরিচ্যুতির অভিযোগ ওঠে। গত ঈদুল আজহার আগে নয়জন বাংলাদেশি কর্মীকে চাকরিচ্যুত করা হয়।

পিপিপি চুক্তি অনুযায়ী টোল আদায়ের দায়িত্ব এফডিইইর। এ দায়িত্ব অন্য প্রতিষ্ঠানকে দিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) অনুমোদন প্রয়োজন হলেও তা নেওয়া হয়নি বলে এসবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি শ্যানডং হাইস্পিডের দেওয়া ঠিকানায় কার্যালয় না পাওয়া, ট্রেড লাইসেন্স নবায়ন না করা, শ্রম আইন ও দেশি-বিদেশি কর্মীর অনুপাত না মানা এবং কয়েকজন বিদেশি নাগরিকের বৈধ ওয়ার্ক পারমিট না থাকার অভিযোগও রয়েছে।

বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এতসব অভিযোগ সামনে আসার পরও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর জবাবদিহি নিশ্চিত হয়েছে কি না, তা স্পষ্ট নয়। সেতু বিভাগের সচিবের বক্তব্যে টোল আদায় পর্যবেক্ষণের আশ্বাস মিললেও প্রকৃত যানবাহনের সংখ্যা, সম্ভাব্য রাজস্ব ক্ষতি এবং অনুমোদন ছাড়া তৃতীয় পক্ষের সম্পৃক্ততার অভিযোগের নিষ্পত্তি হয়নি। ফলে বিএনপি সরকারের আমলে গুরুত্বপূর্ণ এই অবকাঠামো প্রকল্পে নজরদারি, স্বচ্ছতা ও সরকারি রাজস্ব সুরক্ষার দায়িত্ব পালনে ব্যর্থতা রয়েছে কি না, সেই প্রশ্নও সামনে এসেছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ