আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরসহ জেলার পাঁচ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য জরুরি ভিত্তিতে ১৬টি ছাদযুক্ত যানবাহন চেয়েছে বিজিবি।
বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম ব্যাটালিয়ন (৮ বিজিবি) থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে পাঠানো এক চিঠিতে এসব যানবাহন চাওয়া হয়।
চিঠি অনুযায়ী, ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম মহানগর এবং জেলার সীতাকুণ্ড, হাটহাজারী, পটিয়া ও চন্দনাইশ উপজেলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা, সার্বিক নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, বিজিবির দায়িত্ব পালনের জন্য চালক ছাড়া প্রতি গাড়িতে ১০ জন সদস্য পরিবহনে সক্ষম ১৬টি ছাদযুক্ত যানবাহন জরুরি ভিত্তিতে চট্টগ্রাম ব্যাটালিয়নের (৮ বিজিবি) প্রশিক্ষণ মাঠে পাঠাতে হবে। যানবাহনগুলো পাওয়া গেলে দ্রুত ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা সম্ভব হবে।
এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখার ১৮ নভেম্বরের দুটি স্মারকের উল্লেখ করা হয়েছে। চিঠির অনুলিপি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়ন সদর দপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
