আ. লীগের লকডাউন ঘিরে যাত্রাবাড়ী-সায়েদাবাদে দূরপাল্লার বাস চলাচল কম

অবশ্যই পরুন

আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তার উদ্বেগে রাজধানীর যাত্রাবাড়ী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে রাজধানীর অভ্যন্তরীণ রুটেও গণপরিবহনের সংখ্যা কম দেখা গেছে।

পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, হামলা ও সহিংসতার ঘটনার কারণে বাস চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জ ও আশপাশের এলাকার পরিস্থিতি বিবেচনায় অনেক পরিবহন মালিক বাস চলাচল বন্ধ রেখেছেন। এ ছাড়া যাত্রী কম থাকায় বিভিন্ন রুটে বাসের ট্রিপও কমিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাসের কাউন্টারগুলোতে যাত্রীদের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় অনেক কম। খুলনা, যশোর ও গোপালগঞ্জসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বরিশাল ও পটুয়াখালী রুটে সীমিতসংখ্যক বাস চলাচল করছে।

যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অবস্থিত দশমিনা পরিবহনের টিকিট বিক্রেতা আব্দুল কাদের মৃধা জানান, খুলনা, গোপালগঞ্জ ও যশোরসহ কয়েকটি জেলার রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে বরিশাল ও পটুয়াখালী রুটে কিছু গাড়ি চলছে।

তিনি বলেন, পটুয়াখালী রুটে সাধারণত ৩০টি বাস চলাচল করলেও বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মাত্র ১০ থেকে ১২টি বাস ছেড়ে গেছে।

পরিবহন সংশ্লিষ্টদের ভাষ্য, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় চলাচলকারী বাসের নিরাপত্তা নিয়ে মালিকদের মধ্যে শঙ্কা রয়েছে। সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় অনেকেই গাড়ি রাস্তায় নামাতে চাইছেন না। ফলে যেসব রুটে বাস চলাচল অব্যাহত রয়েছে, সেখানেও ট্রিপের সংখ্যা কমানো হয়েছে।

এদিকে দূরপাল্লার বাসের পাশাপাশি রাজধানীর অভ্যন্তরীণ রুটেও গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও শুরু হয়।

যাত্রাবাড়ী ও সায়েদাবাদ থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচলকারী লোকাল বাসের সংখ্যাও ছিল স্বাভাবিকের তুলনায় কম। তবে কিছু বাস চলাচল করায় গণপরিবহন পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। যানবাহনের সংখ্যা কম থাকায় অফিসগামীসহ সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

যাত্রাবাড়ীর রায়েরবাগ ও শনির আখড়াসহ বিভিন্ন এলাকায় যানবাহনের অপেক্ষায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাসের সংখ্যা কমে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী অংশেও যানবাহনের চাপ ছিল তুলনামূলক কম।

এর আগে লকডাউন কর্মসূচির আগের দিন বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাতে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকাতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও হামলার ঘটনা ঘটে। পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি বাসের হেলপারের মৃত্যু হয়।

এসব ঘটনার পর লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পরিবহন খাতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর অন্যতম প্রধান বাস চলাচলের কেন্দ্র যাত্রাবাড়ী ও সায়েদাবাদে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনেক পরিবহন মালিক সীমিত পরিসরে বাস চলাচল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ