আওয়ামী লীগের লকডাউনে সংহতি জানিয়ে সাতক্ষীরা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করলেন পরিবহন মালিকরা

অবশ্যই পরুন

গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ও সহিংসতার ঘটনার পর সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

সাতক্ষীরা শহরের সংগীতা মোড় এলাকার দূরপাল্লার পরিবহন কাউন্টার ম্যানেজাররা জানান, গোপালগঞ্জে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে পদ্মা সেতু হয়ে ঢাকার পথে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। গাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা ও নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিকল্প হিসেবে সাতক্ষীরা থেকে যশোর হয়ে আরিচা ফেরিঘাট দিয়ে ঢাকায় বাস চলাচল করছে।

এসকে পরিবহনের সাতক্ষীরা কাউন্টার ম্যানেজার জহির রায়হান বলেন, পদ্মা সেতু হয়ে সব পরিবহনের চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার গাড়িগুলো আরিচা ফেরিঘাট দিয়ে ঢাকায় যাবে। তবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী কোনো বাস ছাড়বে না।

তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ফলে গাড়ির নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন মালিক ও শ্রমিকরা।

এদিকে, আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিক সমিতি বলে জানা গেছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ