যুক্তরাজ্যের রমফোর্ডে গত ১৬ নভেম্বর সংঘটিত সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। যুব মহিলা লীগের নেত্রী জেনিফার সরোয়ার লাক্সমী অভিযোগ করেছেন, সংঘর্ষের আগে তাঁর ও তাঁর স্বামীর ওপর হামলা চালিয়েছেন এনসিপির নেতাকর্মীরা।
নিজের ফেসবুক পোস্টে জেনিফার সরোয়ার লাক্সমী দাবি করেন, শুধুমাত্র ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে নাহিদের উসকানিমূলক বক্তব্যের পর তাঁর ও তাঁর স্বামীর ওপর হামলার ঘটনা ঘটে। তবে তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কোনো ধরনের সহিংসতায় জড়াননি বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, ঘটনার বিষয়টি ইতিমধ্যে প্রশাসনকে অবহিত করেছেন। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
ফেসবুক পোস্টে জেনিফার সরোয়ার লাক্সমী আশা প্রকাশ করেন, অতি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর রমফোর্ডে এনসিপি নেতাকর্মী ও বিক্ষুব্ধ জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের আগে যুব মহিলা লীগের এই নেত্রীর ওপর হামলার অভিযোগ সামনে আসায় ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে।
