আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে সহিংসতা, নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে এসব ঘটনার দায় আওয়ামী লীগের ওপর চাপানোর পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি এ ধরনের নির্দেশনা সংবলিত একটি মেসেজের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া স্ক্রিনশটে ‘জাকির ভাই ঢাকা মহানগর দক্ষিণ’ পরিচয়ে একটি বার্তা দেখা যায়। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে বলা হয়েছে, ‘সবাই মনোযোগ দিয়ে শোনো! কাকে কোথায় দায়িত্ব দেওয়া হয়েছে, কে কোন জায়গায় অবস্থান করবে, সবকিছু নিশ্চয়ই তোমাদের মনে আছে।’
বার্তার পরবর্তী অংশে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরির কথা বলা হয়েছে, যাতে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নৈরাজ্য, ভাঙচুর ও অগ্নিসংযোগের দায় আওয়ামী লীগের ওপর চাপানো যায়।
স্ক্রিনশটের বার্তায় বিভিন্ন স্থানে বোমা হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার নির্দেশনার উল্লেখ রয়েছে। এসব ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে প্রকাশ না করে ব্যক্তিগত ইনবক্সে পাঠানোর কথাও বলা হয়েছে। পাশাপাশি ভিডিওগুলো ঊর্ধ্বতন পর্যায়ে পাঠানোর নির্দেশনা রয়েছে।
বার্তার বক্তব্য অনুযায়ী, এসব ঘটনার মাধ্যমে জনমনে এমন ধারণা তৈরির চেষ্টা করার কথা বলা হয়েছে, যাতে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নৈরাজ্য ও সহিংসতার জন্য আওয়ামী লীগকে দায়ী করা হয়।
এদিকে, ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এমন একটি বার্তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
