মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৪০ পোশাক কারখানা

অবশ্যই পরুন

মজুরি বৃদ্ধির দাবিতে দুই সপ্তাহ ধরে চলা পোশাকশ্রমিকদের অসন্তোষ আবারও ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে। মঙ্গলবার (১৭ নভেম্বর) গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে কয়েকটি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ছাড়া সাভার-আশুলিয়া, টঙ্গী ও রাজধানীর মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিক অসন্তোষের কারণে গতকাল পর্যন্ত বন্ধ থাকা পোশাক কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪০টিতে, যা গত ৩১ অক্টোবর আন্দোলন শুরুর পর সর্বোচ্চ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এর মধ্যে ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর এবং আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাব, হা-মীম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় মোতায়েন ছিল ২০ প্লাটুন বিজিবি।

শ্রমিকরা কাজে যোগ দিতে রাজি না হওয়া এবং বিক্ষোভের কারণে বন্ধ কারখানার সংখ্যা বেড়ে ৬৪০টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ১১৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। শ্রমিকরা স্বাভাবিক উৎপাদন কার্যক্রমে অংশ না নিলে এ ধারায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

গত শনিবার তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ এবং নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর যৌথ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা কাজ না করার কারণে কারখানা যত দিন বন্ধ থাকবে, তত দিন মজুরি পাবেন না।

পোশাক খাতে মজুরি পুনর্নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া সভাটি আগামী সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত সোমবার সভাটি হওয়ার কথা থাকলেও শ্রমিকপক্ষের প্রতিনিধি আনোয়ার হোসেন অসুস্থ থাকায় তা স্থগিত করা হয়।

এদিকে শ্রমিক অসন্তোষ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, মজুরি আগে বা পরে যখনই ঘোষণা করা হোক না কেন, তা ডিসেম্বর থেকেই কার্যকর হবে।

পুলিশের মুখপাত্র এআইজি কামারুম মুনিরা বলেন, গার্মেন্টস শিল্প এলাকায় বিরাজমান পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রেখে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গার্মেন্টস মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একটি মনিটরিং সেল কাজ করছে। শিল্পকারখানা বা ব্যক্তিগত সম্পদের ক্ষতিসাধন ও ভাঙচুর থেকে বিরত থেকে শিল্প এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার আহ্বান জানান তিনি।

চলতি মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডকে কাজ করার সুযোগ দিতে হবে এবং চলতি মাসের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করতে হবে। তার ভাষ্য, ‘আমার যদি ক্ষমতা থাকত, আমি কালকে ঘোষণা করে দিতাম, কিন্তু আমার তো প্রক্রিয়াটা অনুসরণ করতে হবে।’

মজুরি বৃদ্ধির দাবিতে দুই সপ্তাহ ধরে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ চলছে। শ্রমিকদের একাংশ হাজিরা দিয়ে কারখানা থেকে বেরিয়ে যাচ্ছেন। সড়কে বিক্ষোভের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষেও জড়াচ্ছেন তারা। এ পরিস্থিতিতে ১ নভেম্বর মজুরি পুনর্নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের দুটি বৈঠক হয়েছে। ৪ নভেম্বর অনুষ্ঠিত প্রথম বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধির দাবি মেনে ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে সম্মত হয় বোর্ড। তবে এ সিদ্ধান্তের পরও শ্রমিক অসন্তোষ থামেনি।

গাজীপুরে সংঘর্ষে রণক্ষেত্র

গাজীপুরের ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, ভবানীপুর, বাঘের বাজার, শ্রীপুরের সিঅ্যান্ডবি বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, মাওনা চৌরাস্তা ও কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ মোড়ে মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অচল হয়ে পড়ে গাজীপুর শিল্পাঞ্চল।

বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের আঘাতে আহত হন দৈনিক কালবেলার মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন হোসাইন। পরিস্থিতি বিবেচনায় বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে চান্দনা চৌরাস্তা এলাকায় শ্রমিকদের আরেকটি দল বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছয়দানা কলম্বিয়া এলাকাতেও বিভিন্ন কারখানার শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন।

পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে জয়দেবপুর ও নাওজোড় এলাকায় অবস্থান নেওয়া শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। তবে ভোগড়া বাইপাসসহ কয়েকটি এলাকায় বিক্ষোভ ও অবরোধ চলতে থাকে।

দুপুরের পর ভবানীপুর, বাঘের বাজার, সিঅ্যান্ডবি বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি ও মাওনা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এসব এলাকাতেও পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ করেন শ্রমিকরা। সন্ধ্যা ৬টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যান। এর আগে টানা পাঁচ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

মিরপুরে সড়ক অবরোধ

কিছুদিন শান্ত থাকার পর মঙ্গলবার রাজধানীর মিরপুর এলাকায় আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। সকাল ৯টার দিকে মিরপুরের বিভিন্ন সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। অফিস সময়ে সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মিরপুর-১১, মিরপুর-১ ও আশপাশের সড়কে পোশাকশ্রমিকরা জড়ো হয়ে অবরোধ ও বিক্ষোভ করেন। পুলিশের অনুরোধে কয়েকটি সড়ক থেকে বিক্ষোভকারীরা সরে গেলেও সনি হলের সামনে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকরা। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আরেকটি দল মিরপুর-১০ গোলচত্বরে অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে শ্রমিকরা ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

উত্তপ্ত সাভার-আশুলিয়া

টানা দুই দিন শান্ত থাকার পর মঙ্গলবার আবারও উত্তপ্ত হয়ে ওঠে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের প্রতিবাদে সকাল থেকে আশুলিয়ার খেজুরবাগান, হেমায়েতপুর বাগবাড়ী ও পদ্মার মোড়সহ কয়েকটি স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভের চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফায় কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ, শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় ও বাগবাড়ী এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় স্ট্যান্ডার্ড গ্রুপের সামস স্টাইলিং, দ্য সিভিল ইঞ্জিনিয়ার ও দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স ওভেন কারখানার শ্রমিকদের বিক্ষোভে অংশ নিতে দেখা যায়। একপর্যায়ে তারা সড়কে টায়ার ও বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। তবে শ্রমিকরা বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে কয়েক দফায় আবার সড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন। এতে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এদিকে সকাল সাড়ে ৮টার পর আশুলিয়ার খেজুরবাগান এলাকাতেও শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। সেখানেও কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। হেমায়েতপুরের আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও কর্মবিরতি পালন করেন। সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করেন আন্দোলনকারী শ্রমিকরা।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, কিছু শ্রমিক হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। কিছু শ্রমিক কারখানায় প্রবেশ করে হাজিরা দিয়ে বাসায় চলে যান। অন্যরা বিভিন্ন স্থানে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা ও এরশাদনগর এলাকায় মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফা ধাওয়া দিয়ে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে মহাসড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। সংঘাত ও বিশৃঙ্খলার আশঙ্কায় একই সময়ে টঙ্গীর অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি মোকাবিলায় শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার ও তল্লাশিচৌকি বসানো হয়।

চলতি মাসেই নতুন মজুরি ঘোষণার দাবি

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, ‘আমরা যেটা বলার চেষ্টা করছি, পয়লা নভেম্বরের আগে এই মজুরি নিয়ে যে আন্দোলন, সেটাকে এক ধরনের যৌক্তিকতা দেওয়া গেলেও এরপর আন্দোলনের নামে ভাঙচুর, অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। আমি বলব, ৯৫ শতাংশ শ্রমিক ভাই-বোন কাজ করতে চান। তাদের যারা জোর করে ফ্যাক্টরি থেকে বের করে নিয়ে যাচ্ছেন, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে।’

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত ‘গার্মেন্টস শ্রমিকদের জীবনযাপন উপযোগী মজুরি নিশ্চিতকরণ এবং শিল্প ও জাতীয় স্বার্থে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, চলতি মাসের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করতে হবে।

মজুরি বোর্ডে প্রতিনিধি প্রসঙ্গে মাহমুদ হাসান খান বলেন, তিনি একজন প্রতিনিধি দিয়েছেন, যিনি বিজিএমইএর নয়, বরং পোশাকশিল্পের প্রতিনিধি। মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ার দায় বিজিএমইএর ওপর চাপানো সঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক এম এম আকাশ। অন্যদের মধ্যে বক্তব্য দেন এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে এহসান শামীম, শ্রম কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, শ্রমিকনেতা আবুল হোসেন, তৌহিদুর রহমান ও নাজমা আক্তার। সংগঠনের সভাপতি মো. হাফিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন কাজী রুহুল আমিন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ