নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগে কাফরুলে শ্রমিক-বিএনপি সংঘর্ষ

অবশ্যই পরুন

রাজধানীর কাফরুলে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে পোশাকশ্রমিক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১৪ নম্বর এলাকায় লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জাহিদুল ইসলাম সকাল সোয়া ১০টার দিকে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাফরুলের ওই দুই কারখানায় পাঁচ হাজারের বেশি শ্রমিক কাজ করেন। এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে তাদের কারখানা থেকে বের করে নিয়ে আসেন।

এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

উল্লেখ্য, সম্প্রতি ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শ্রমিকদের একটি বড় অংশ ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন করছেন। পাশাপাশি বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হচ্ছে।

আন্দোলনের মধ্যে বিভিন্ন শিল্পাঞ্চলে সড়ক অবরোধ, কারখানায় উৎপাদন বন্ধ এবং শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে গত ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। তবে বোর্ড গঠনের পরও বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ