কলাপাড়ায় ভোররাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, নিরাপত্তাকর্মীর চিৎকারে রক্ষা

অবশ্যই পরুন

পটুয়াখালীর কলাপাড়ায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে নিরাপত্তাকর্মীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভাতে সহযোগিতা করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত ৪টার দিকে পৌর শহরের রহমতপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা ব্যবস্থাপক ভবনে এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা ব্যবস্থাপক মো. আলাউদ্দিন বলেন, ভোররাতে শাখা কার্যালয়ের দোতলায় দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় নৈশপ্রহরী কিশোর বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার ডাক শুনে স্থানীয়রা ছুটে আসেন। পরে স্থানীয়দের সহযোগিতায় নৈশপ্রহরী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা প্রাচীর টপকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা বিএনপির সদস্য আবদুস সোবহান বলেন, ভোররাতে নৈশপ্রহরীর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে ব্যাংকে যান। সেখানে গিয়ে দেখেন, আগুন প্রায় নিভে গেছে। আগুন ভেতরে ছড়িয়ে পড়তে না পারায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার সকালে ব্যাংক কার্যালয়ে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া স্থান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করছেন দায়িত্বপ্রাপ্তরা। এ সময় সেখানে পুলিশের টহল দলও উপস্থিত ছিল। তবে অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ