পরকীয়া কাণ্ডে বহিষ্কৃত বিএনপি নেতাকে ফেরাতে ৩১ নেতার পদত্যাগ, ৮ ঘণ্টা না যেতেই পদত্যাগপত্র প্রত্যাহার

অবশ্যই পরুন

বহিষ্কৃত এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কমিটিতে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এর জেরে ৫১ সদস্যের কমিটির ৩১ নেতা একযোগে পদত্যাগপত্র জমা দিলেও উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাদের আশ্বাসে আট ঘণ্টার ব্যবধানে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে চররুহিতা এলাকায় এক জরুরি প্রেস ব্রিফিংয়ে পদত্যাগপত্র প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান বিক্ষুব্ধ নেতারা।

ঘটনার সূত্রপাত গত ১৩ এপ্রিল। ওই সময় এক বিবাহিত নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে নৈতিক স্খলনের দায়ে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয় ইউনিয়ন কমিটি। তবে ছয় মাস ১৮ দিন পর গত ৩১ অক্টোবর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।

বহিষ্কৃত ওই নেতাকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ওয়ার্ড কমিটির সংখ্যাগরিষ্ঠ নেতারা। এর প্রতিবাদে সোমবার দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর জেলা শহরের বাগবাড়ি এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে ৩১ নেতার স্বাক্ষরিত গণপদত্যাগপত্র জমা দেন তারা। ওয়ার্ড কমিটির সভাপতি জাকির হোসেন সুমনসহ ১০ জন নেতা সশরীরে উপস্থিত হয়ে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার হাতে পদত্যাগপত্রটি তুলে দেন।

তবে পরিস্থিতি সামাল দিতে পদত্যাগপত্রটি সাংগঠনিকভাবে গ্রহণ না করে নিজের কাছে রেখে দেন উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন ভূঁইয়া। ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাসও দেন তিনি। এ প্রসঙ্গে জাকির হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা কোনো কর্মীকে হারাতে চাই না। তাই পদত্যাগপত্রটি সাংগঠনিকভাবে গ্রহণ করিনি, এমনিতেই রেখে দিয়েছিলাম।’

পরে বিকেল ও সন্ধ্যায় ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতাদের মধ্যস্থতায় বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে আলোচনা হয়। রাত ৯টার প্রেস ব্রিফিংয়ে ওয়ার্ড কমিটির সভাপতি জাকির হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম ও সাংগঠনিক সম্পাদক শহীদ উল্যাহ জানান, চররুহিতা ইউনিয়ন বিএনপির নেতাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

এ ঘটনাকে ‘অভিমান’ হিসেবে উল্লেখ করে চররুহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ বলেন, ‘ওয়ার্ড বিএনপির নেতারা অভিমান করে একটি ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন। আমরা তাদের সঙ্গে বসে কথা বলেছি। এখন তাদের অভিমান ভেঙেছে এবং তারা নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।’

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ