বিএনপি সরকারের আমলে দেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধে কার্যকর উদ্যোগের ঘাটতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ডেঙ্গু ও হামের ভয়াবহ সংক্রমণে প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বছরের শেষ প্রান্তে এসেও নিয়ন্ত্রণে আসছে না দুই রোগের প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে ৪৫৫ জন এবং গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে ১ হাজার ২৭৬ জনের মৃত্যু হয়েছে। দুই রোগে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ৭৩১ জনে।
জনস্বাস্থ্য পরিস্থিতির এমন অবনতির মধ্যেও রোগ প্রতিরোধ, টিকাদান, মশকনিধন ও চিকিৎসাসেবার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে হাম প্রতিরোধযোগ্য রোগ হওয়া সত্ত্বেও বিপুলসংখ্যক শিশুর আক্রান্ত হওয়া টিকাদান কার্যক্রমের ঘাটতি ও স্বাস্থ্য ব্যবস্থাপনার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। অন্যদিকে, শীতের মৌসুম শুরু হলেও ডেঙ্গুর সংক্রমণ কমছে না। দেশের বিভিন্ন বিভাগে ছড়িয়ে পড়ছে সংক্রমণ, বাড়ছে হাসপাতালগুলোর ওপর চাপ।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৫ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৫৫ জনে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৯০৬ জনে দাঁড়িয়েছে।
অন্যদিকে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৪ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭৬ জনে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ৬১ হাজার।
পরিসংখ্যান বলছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা এখনো ফুরায়নি। এক দিনে ১ হাজার ৫৩৫ জনের হাসপাতালে ভর্তি হওয়া পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে। নতুন রোগী ভর্তির ক্ষেত্রে ঢাকা বিভাগে ৭২১ জন, চট্টগ্রামে ২৭৫, খুলনায় ১৬১, বরিশালে ১৪৩, রাজশাহীতে ১০৪, ময়মনসিংহে ৮৮ এবং রংপুরে ৪৩ জন রয়েছেন। এ সময়ে সিলেট বিভাগে নতুন কোনো রোগী ভর্তি হননি।
চলতি বছরে ডেঙ্গুতে বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে ঢাকা বিভাগে ২১৭ জন, খুলনায় ৮৪, চট্টগ্রামে ৪৬, ময়মনসিংহে ৩৭, বরিশালে ৩০, রাজশাহীতে ২৯, রংপুরে আট এবং সিলেটে চারজনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৭৭৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
হামের পরিস্থিতিও আরও উদ্বেগজনক। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭১ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনে। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ২৯৪।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মৌসুমি তৎপরতা যথেষ্ট নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, জমে থাকা পানি অপসারণ এবং স্থানীয় পর্যায়ে মশকনিধন কার্যক্রম জোরদার করা জরুরি। পাশাপাশি আক্রান্তদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রার ওঠানামা ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে এডিস মশার প্রজনন পরিস্থিতি দীর্ঘায়িত হচ্ছে। ফলে শীতের সময়েও ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশন, স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আবু জামিল ফয়সাল বলেন, হাম প্রতিরোধযোগ্য রোগ হওয়া সত্ত্বেও বিপুলসংখ্যক শিশুর আক্রান্ত হওয়া টিকাদান কার্যক্রমের ঘাটতি ও রোগ প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতার বিষয়টি সামনে নিয়ে এসেছে। বাদপড়া শিশুদের দ্রুত টিকার আওতায় আনা, সংক্রমণপ্রবণ এলাকায় বিশেষ টিকাদান কর্মসূচি জোরদার এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
সব মিলিয়ে ডেঙ্গু ও হামের এই পরিস্থিতি দেশের জনস্বাস্থ্য ব্যবস্থাপনার সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। বিএনপি সরকারের সময়ে স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও টিকাদান কার্যক্রম কতটা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে, তা নিয়েও সমালোচনার অবকাশ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, প্রয়োজনীয় উদ্যোগ ও সমন্বিত কার্যক্রম জোরদার করা না গেলে বছরের শেষ দিন পর্যন্ত ডেঙ্গু ও হামের প্রকোপ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে থাকতে পারে।
ন্যাশনিক্স/এলকে
