সিলেটের প্রাইম হাসপাতালকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং ব্যক্তিগত ছবি অননুমোদিতভাবে ব্যবহারের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হাসপাতালটির এক্সিকিউটিভ ডিরেক্টর ইঞ্জি. জান্নাতুল ফেরদৌস তৃষ্ণা।
সম্প্রতি দেওয়া এক প্রতিবাদ বিবৃতিতে তিনি জানান, গত ৩ সেপ্টেম্বর থেকে প্রাইম হাসপাতাল সিলেটের কতিপয় বিনিয়োগকারী ও পরিচালকের মধ্যে সৃষ্ট বিরোধের পরিপ্রেক্ষিতে বিষয়টি এমদাদ চৌধুরী মহোদয়কে অবহিত করা হয়। পরবর্তীতে তিনি সালিশের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান প্রদান করলেও কতিপয় পরিচালক সেই সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানান বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এরই ধারাবাহিকতায় বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে হাসপাতালের চেয়ারম্যান ডা. আশরাফুল ইসলাম এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ইঞ্জি. জান্নাতুল ফেরদৌস তৃষ্ণাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।
ইঞ্জি. তৃষ্ণার অভিযোগ, অতীতেও তাকে এবং তার স্বামী ডা. আশরাফুল ইসলামকে জড়িয়ে ‘সুরমা ডাক ফ্যামিলি’ পত্রিকায় একাধিক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে তার ব্যক্তিগত ছবি অননুমোদিতভাবে বিভিন্ন ব্যক্তির কাছে প্রদর্শন ও প্রচার করে ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। এ সংক্রান্ত প্রমাণাদি তার কাছে সংরক্ষিত রয়েছে বলেও তিনি দাবি করেন।
প্রতিবাদ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি এমদাদ চৌধুরী মহোদয়কে জড়িয়ে ‘সুরমা ডাক ফ্যামিলি’ পত্রিকায় একটি কথিত ভুয়া স্ক্রিনশটের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তারা মনে করেন। এ ধরনের সংবাদ সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও পেশাগত মর্যাদার জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি।
ইঞ্জি. জান্নাতুল ফেরদৌস তৃষ্ণা এসব ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ এবং ব্যক্তিগত ছবি অপব্যবহারের অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে সংবাদমাধ্যমের প্রতি বস্তুনিষ্ঠতা, তথ্য যাচাই এবং সাংবাদিকতার পেশাগত নৈতিকতা অনুসরণের আহ্বান জানান।
তিনি প্রাইম হাসপাতাল সিলেটের সুনাম, স্বাভাবিক কার্যক্রম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও পেশাগত মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিবৃতির শেষাংশে তিনি বলেন, সত্য, ন্যায়বিচার ও ব্যক্তিগত মর্যাদা রক্ষায় তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
