পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা খালিদ পারভেজ গ্রেপ্তার

অবশ্যই পরুন

ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরি এবং ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তা প্রদর্শন করে সামাজিক মর্যাদাহানির অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদল নেতা খালিদ পারভেজকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)।

গ্রেপ্তার খালিদ পারভেজ ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকায়।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এসআরবি-২।

এসআরবি সূত্র জানায়, খালিদ পারভেজের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে একটি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সংশ্লিষ্ট থানা থেকে পাঠানো রিকুইজিশনের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে তাঁকে হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়। পরে ঠাকুরগাঁও সদর থানায় পাঠানোর কথা রয়েছে।

গত ১ জুলাই ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামের আমলি আদালতে মোছা. লাকী আক্তার বাদী হয়ে মামলাটি করেন। পরে ৯ জুলাই মামলাটি এজাহারভুক্ত হয়। এ মামলায় খালিদ পারভেজ ছাড়াও রবিউল ইসলাম নামে আরেকজনকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২), ৮(৩) ও ৮(৪) ধারায় অভিযোগটি দায়ের করা হয়েছে। মামলাটি ঠাকুরগাঁও আমলি আদালতে সি.আর. ৬৭৪/২০২৬ নম্বরে নথিভুক্ত হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ ওই নারীর সঙ্গে খালিদ পারভেজের বিয়ে হয়। বিয়ের পর তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও একসঙ্গে সময় কাটান। পরে ১৬ জুন ওই নারীকে না জানিয়ে তাঁকে তালাক দেন খালিদ। তালাকের পরও তিনি ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় দাম্পত্য জীবনের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

অভিযোগ অনুযায়ী, প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৯ জুন সকাল ১০টার দিকে খালিদ নিজের ফেসবুক আইডি থেকে ওই নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

মামলার পর থেকে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবিও আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩, রংপুরের সিপিএসসি এবং এসআরবি-৩, মগবাজারের সিপিসি-২-এর যৌথ দল সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর খালিদ পারভেজকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ