আওয়ামী লীগ নেতা হওয়ায় মৃত্যুর সাড়ে ৭ মাস পর নাশকতার মিথ্যা মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা!

অবশ্যই পরুন

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে মৃত্যুর সাড়ে সাত মাস পর নাশকতার মামলায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক সামচু ঢালীকে আসামি করার অভিযোগ উঠেছে। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২১৯ নম্বর আসামি হিসেবে তাঁর নাম উল্লেখ করা হয়েছে। অথচ পরিবারের দাবি, ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই মারা গেছেন তিনি।

সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বীর মুক্তিযোদ্ধা এবং কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

পরিবারের তথ্য অনুযায়ী, গত ২৯ মার্চ মারা যান সামচু ঢালী। অথচ গত ৯ নভেম্বর দিবাগত রাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সংঘটিত নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর তাঁকে একটি ফৌজদারি মামলার আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে একদল ব্যক্তি সড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে সড়কে যান চলাচল।

এ ঘটনায় গত ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সেই তালিকার ২১৯ নম্বরে রয়েছে মৃত সামচু ঢালীর নাম।

একজন মৃত ব্যক্তিকে তাঁর মৃত্যুর পর সংঘটিত ঘটনার মামলায় আসামি করায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই তাঁকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। মামলার এজাহার তৈরির আগে আসামিদের পরিচয়, জীবিত থাকা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, ‘আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাঁকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।’

তিনি আরও বলেন, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে তাঁর বাবার নাম মামলা থেকে প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, ‘আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।’

অন্যদিকে, পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে অথবা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মিললে তাঁদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ