রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সাইন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার গভীর রাতেও কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ক্যাম্পাসে গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনার পরও আন্দোলন থেকে সরে আসেননি শিক্ষার্থীরা। তাঁরা কলেজের প্রধান ফটকের বাইরের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।
শিক্ষার্থীদের অভিযোগ, পূজার ছুটির আগে কলেজের অডিটোরিয়ামে স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের বাইরে গিয়ে ভোর ৫টা পর্যন্ত চলায় অডিটোরিয়াম ব্যবহারের নিয়ম ভঙ্গের অভিযোগ তোলেন অধ্যক্ষ। এর জেরে অনুষ্ঠানের দুই সমন্বয়কারীর আবাসিক হলের আসন বাতিল করা হয়।
পরে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছে ক্ষমা চাইতে গেলে তাঁদের আবাসিক আসন পুনর্বহালের জন্য ১২ হাজার ৬০০ টাকা জরিমানা পরিশোধের শর্ত দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। অডিটোরিয়ামের শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা ও বিদ্যুৎ ব্যবহারের বিল বাবদ এই অর্থ দাবি করা হয়েছিল। তবে আর্থিক অসামর্থ্যের কারণে শিক্ষার্থীরা ওই টাকা দিতে রাজি হননি।
অন্যদিকে অধ্যক্ষের বক্তব্য, ভবিষ্যতে কলেজের শৃঙ্খলা বজায় রাখতেই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একই সঙ্গে শিক্ষার্থীদের পক্ষ থেকে সাদা কাগজে তাঁর পদত্যাগের দাবি জানানো হলেও তা মেনে নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলে জানান তিনি।
