কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে কিছু ভিডিও ও অডিও পাওয়ার দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তাঁর দাবি, পাওয়া এসব তথ্য যাচাই-বাছাই করে তিনি সত্যতা নিশ্চিত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান এ দাবি করেন। একই সঙ্গে পোস্টে আমির হামজার বলে দাবি করা একটি কথোপকথনের অংশও প্রকাশ করেন তিনি। এ ছাড়া পোস্টের মন্তব্যের ঘরে সংশ্লিষ্ট অডিওর লিংক দেওয়া হয়েছে বলেও জানান।
প্রকাশিত কথোপকথনের একটি অংশে এক ব্যক্তিকে নিজের কাজের জন্য অনুশোচনা প্রকাশ করতে শোনা যায়। সেখানে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘অন্যায় করার পরে অনুতপ্ত হলে তারে মানুষ তো অন্তত মাফ করার কথা।’
কথোপকথনে ওই ব্যক্তি প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চাওয়ার কথাও উল্লেখ করেন।
নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত কিছু ভিডিও ও অডিও তাঁর হাতে এসেছে। সেগুলো ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে যাচাই করে তিনি তথ্যের সত্যতা পেয়েছেন বলে দাবি করেন।
পোস্টের আরেক অংশে তিনি প্রশ্ন তোলেন, এ ঘটনায় জামায়াতে ইসলামী আমির হামজার বিরুদ্ধে কী ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেয়।
