চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলিতে বসতবাড়ির দেয়ালে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখার ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর বিরুদ্ধে দেয়াল লিখনের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে স্থানীয় বাসিন্দারা দেয়ালে কালো রঙে লেখা বিভিন্ন স্লোগান দেখতে পান। দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’, ‘উই আর মুজিব সেনা’ এবং ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন লেখা ছিল।
ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ দেয়ালের স্লোগানগুলো মুছে ফেলার উদ্যোগ নেয়। জেলা প্রশাসকের নির্দেশে এসব লেখা অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে বিদ্যালয়ের ইউনিফর্ম পরা ছয় শিক্ষার্থীকে গলির বিভিন্ন দেয়ালে স্প্রে রং দিয়ে স্লোগান লিখতে দেখা যায়। ফুটেজে দুজনকে সরাসরি দেয়াল লিখনে অংশ নিতে দেখা গেলেও বাকিরা পাশে অবস্থান করছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার দিনের বেলায় বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এসব স্লোগান লেখেন। পরদিন বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশসহ স্থানীয় লোকজন উপস্থিত হন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী জানান, দিনের বেলায় শিক্ষার্থীদের দেয়ালে স্লোগান লিখতে দেখেছেন। পরদিন বিষয়টি ছড়িয়ে পড়লে সেখানে বিভিন্ন লোকজন আসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, শিক্ষার্থীরা দেয়ালে এসব স্লোগান লিখেছেন। জেলা প্রশাসকের নির্দেশে বিদ্যালয় কর্তৃপক্ষ লেখাগুলো মুছে দিয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের অভিভাবকদের ডাকা হবে এবং বিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। কার নির্দেশনায় শিক্ষার্থীরা এসব স্লোগান লিখেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
