তিন মাসে রাজস্ব ঘাটতি ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা

অবশ্যই পরুন

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৯২ হাজার ৫১৭ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে প্রায় ৩১ শতাংশ।

এনবিআরের হিসাব অনুযায়ী, রাজস্ব আদায়ের প্রধান তিনটি খাত ভ্যাট, আয়কর ও আমদানি-রপ্তানি শুল্কের কোনোটিতেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে ভ্যাট আদায়ে। মোট রাজস্ব ঘাটতির প্রায় অর্ধেকই এসেছে এই খাত থেকে। তবে রাজস্ব আদায় কমে যাওয়ায় গত তিন মাস ধরে এ সংক্রান্ত আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি এনবিআর।

গত বৃহস্পতিবার এনবিআরের এক সভায় সংস্থাটির চেয়ারম্যান আহসান হাবিব কর্মকর্তাদের রাজস্ব আদায় কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দেন। সভায় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনবিআর-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দেশের ব্যবসা-বাণিজ্যে শ্লথগতির কারণে ভ্যাট ও শুল্ক আদায় কমেছে। নাম প্রকাশ না করার শর্তে সংস্থাটির এক কর্মকর্তা জানান, তিন মাস পরপর ভ্যাট রিটার্ন জমা দেওয়ার নিয়ম থাকায় অর্থবছরের শুরুতে নিয়মিত ভ্যাট আদায় হয়নি। তবে এখন মাসিক রিটার্ন দাখিলের বিধান চালু হওয়ায় আদায় বাড়তে পারে।

এনবিআরের তথ্যে দেখা যায়, জুলাই-সেপ্টেম্বর সময়ে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৯ হাজার ৪০৫ কোটি টাকা। আদায় হয়েছে ২৯ হাজার ৩৪৮ কোটি টাকা। ফলে এ খাতে ঘাটতি দাঁড়িয়েছে ২০ হাজার ৫৭ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ের তুলনায়ও ভ্যাট আদায় কমেছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে ভ্যাট আদায় হয়েছিল ৩৫ হাজার কোটি টাকা।

অন্যদিকে আয়কর ও ভ্রমণ কর খাতে তিন মাসে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ৭২৬ কোটি টাকা। আদায় হয়েছে ৩৩ হাজার ৪০ কোটি টাকা। এ খাতে ঘাটতি ৯ হাজার ৬৮৬ কোটি টাকা। একই সময়ে আমদানি-রপ্তানি শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ২৬৫ কোটি টাকা। আদায় হয়েছে ৩০ হাজার ১২৯ কোটি টাকা। ফলে এ খাতে ঘাটতি দাঁড়িয়েছে ১২ হাজার ১৩৬ কোটি টাকা।

খাতভিত্তিক হিসাব অনুযায়ী, মোট রাজস্ব ঘাটতির প্রায় ৪৮ শতাংশ ভ্যাট খাতের। আয়কর ও ভ্রমণ কর এবং আমদানি-রপ্তানি শুল্ক খাতে সম্মিলিত ঘাটতির পরিমাণ প্রায় ২১ হাজার ৮২২ কোটি টাকা।

এ বিষয়ে এনবিআরের সাবেক সদস্য মো. আবদুর রউফ বলেন, তিন মাস পরপর ভ্যাট রিটার্ন জমা দেওয়ার নিয়মের কারণে আদায় উল্লেখযোগ্যভাবে কমেছে। ব্যবসায়ীরা প্রতি মাসে ভ্যাটের হিসাব করলেও নিয়ম পরিবর্তনের পর অনেক প্রতিষ্ঠান রিটার্ন জমা দেয়নি এবং ভ্যাট পরিশোধ করেনি। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে শ্লথগতিও আদায় কমার অন্যতম কারণ।

তবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মোট রাজস্ব আদায় সামান্য বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে আদায় হয়েছিল ৯১ হাজার ৩৯০ কোটি টাকা। চলতি অর্থবছরের একই সময়ে আদায় হয়েছে ৯২ হাজার ৫১৭ কোটি টাকা। সে হিসাবে এক বছরে রাজস্ব আদায় বেড়েছে ১ হাজার ১২৭ কোটি টাকা বা ১ দশমিক ২৩ শতাংশ।

রাজস্ব আদায় কম হওয়ার পেছনে তিনটি কারণ উল্লেখ করেছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। তাঁর মতে, অর্থনীতির গতি কমে যাওয়া, তুলনামূলক বেশি রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং এনবিআরে প্রশাসনিক স্থবিরতা এ পরিস্থিতির জন্য দায়ী।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ