ময়মনসিংহের ধোবাউড়ায় এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার দর্শা মন্তনী এলাকার একটি বাঁশঝাড়ের ভেতর গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শেখ হোসেন আলী ওরফে হোসেন ওই এলাকার বাসিন্দা। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে বাড়ির পাশের বাঁশঝাড়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি শফিকুল ইসলাম জানান, ওই বীর মুক্তিযোদ্ধার পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল। সংসারে অভাব-অনটন ছিল না। প্রাথমিক তদন্তে ছেলেদের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁর মতবিরোধের তথ্য পাওয়া গেছে।
ওসি আরও জানান, শেখ হোসেন আলী আত্মহত্যা করেছেন, নাকি হত্যার শিকার হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ন্যাশনিক্স/এলকে
