প্রবাস থেকে দেশে ফিরে জমি কেনার জন্য রেজিস্ট্রি অফিসে যাওয়ার পথে চট্টগ্রামের রাউজানে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের রাজচন্দ্রপাড়ার সড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ আফজাল ও তাঁর স্ত্রী শামসুন নাহার একটি সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন। তাঁদের অভিযোগ, দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন তাঁদের গাড়ির গতিরোধ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে স্ত্রীর কাছে থাকা ২৫ লাখ টাকা ও কয়েকটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, জমি কেনাবেচা ও রেজিস্ট্রির কাজে তাঁরা রাউজান সাবরেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তাঁদের গাড়ির গতিরোধ করে প্রাণনাশের হুমকি দেয় এবং টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী তাজুল ইসলাম জানান, দুটি মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা তাঁদের গাড়ির গতিরোধ করে। অস্ত্রের ভয় দেখিয়ে হুমকি দিয়ে টাকাগুলো ছিনিয়ে নেওয়া হয়। এ সময় ছিনতাইকারীদের একজন টাকার ব্যাগ ধরে বলে, ‘ব্যাগ দে, নইলে গুলি করে দেব।’
অভিযোগকারী শামসুন নাহার পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুরপাড়া এলাকার ইসমাইল সওদাগরের বাড়ির বাসিন্দা। তাঁর স্বামী মোহাম্মদ আফজাল।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন।
ন্যাশনিক্স/এলকে
