পিরোজপুরে ৬০ বছরের পুরোনো মন্দিরের জমি দখল করে ধান চাষের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

অবশ্যই পরুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় প্রায় ৬০ বছরের পুরোনো একটি মন্দিরের ৪২ শতক জমি দখল করে ধান চাষের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা মো. শফিকুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ২০২৪ সালের ৫ আগস্টের পর জমিটি দখলে নিয়ে চাষাবাদ শুরু করেন তিনি। এতে দীর্ঘদিন ধরে জমিটিতে চলে আসা ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ তাঁদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের দক্ষিণপাড়া সার্বজনীন শীতলা মন্দিরের নামে ৪২ শতক জমি রয়েছে। জমিটির দাগ নম্বর ৯৫২ এবং খতিয়ান নম্বর ১৩০। স্থানীয়দের ভাষ্য, কয়েক দশক ধরে সেখানে শীতলা পূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়ে আসছিল। ভুক্তভোগীদের দাবি, সর্বশেষ বিএস রেকর্ডেও জমিটি আটজন শরিকের নামে রেকর্ডভুক্ত রয়েছে।

তাঁদের অভিযোগ, আট শরিকের একজনের অংশ নিয়ে করা অনিবন্ধিত বায়না চুক্তির ভিত্তিতে ২০২৪ সালের ৫ আগস্টের পর জমিটি দখলে নেন শফিকুল ইসলাম হাওলাদার। সংশ্লিষ্ট ওই শরিক বর্তমানে ভারতে অবস্থান করছেন। এরপর থেকে জমিতে ধান চাষ করা হচ্ছে। জমির মালিকানা ও দখল নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

জমির মালিক ননী লাল বিশ্বাসের ছেলে মনোজ বিশ্বাস বলেন, সর্বশেষ বিএস রেকর্ডে জমিটি আটজন শরিকের নামে রয়েছে। শফিকুল ইসলাম হাওলাদার একটি অনিবন্ধিত বায়না চুক্তি দেখিয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা চলমান থাকা অবস্থায় জমিতে ধান চাষ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, পূর্বপুরুষেরা দীর্ঘদিন ধরে ওই জমিতে শীতলা পূজা করে আসছেন। জমি উদ্ধার করে সেখানে আগের মতো পূজা-অর্চনা চালুর আহ্বান জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য সুমন আইচ বলেন, ছোটবেলা থেকেই তিনি ওই জমিতে শীতলা পূজা হতে দেখে আসছেন। তবে ৫ আগস্টের পর জমিটি দখলের অভিযোগ ওঠে স্থানীয় জামায়াত নেতা শফিকুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে। প্রকৃত কাগজপত্র নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হলেও তিনি তাতে সাড়া দিচ্ছেন না বলে অভিযোগ করেন সুমন। তাঁর মতে, ধর্মীয় কাজে ব্যবহৃত জমি নিয়ে এমন পরিস্থিতি কাম্য নয়।

অভিযোগের বিষয়ে শফিকুল ইসলাম হাওলাদারের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সাড়া পাওয়া যায়নি।

সমুদয়কাঠী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আবু হানিফ বলেন, শফিকুল ইসলাম হাওলাদার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে জমিসংক্রান্ত বিষয়টি তাঁর ব্যক্তিগত। ক্ষমতার অপব্যবহার করে কেউ জমি দখল করলে তার দায় দল নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পিরোজপুর জেলা শাখার সদস্যসচিব প্রলয় মন্ডল বলেন, সমুদয়কাঠীতে জমি দখল, ধর্মীয় স্থাপনা ভাঙচুর ও সংখ্যালঘুদের ভয়ভীতি দেখানোর অভিযোগ পেয়ে তাঁরা সরেজমিনে গিয়েছিলেন। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত শফিকুল ইসলাম হাওলাদার সাড়া দেননি বলে অভিযোগ করেন তিনি। জমিসংক্রান্ত বিরোধ আইনানুগ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তির দাবি জানান প্রলয় মন্ডল।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ