পদত্যাগের আগের রাতে ধানের শীষে নির্বাচন করতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছিলেন আসিফ মাহমুদ: রাশেদ খান

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চেয়েছিলেন বলে দাবি করেছেন বর্তমান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। একই সঙ্গে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় ব্যর্থ হয়ে এনসিপি জামায়াতের জোটে যোগ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, পদত্যাগের আগের রাতে আসিফ মাহমুদ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বাসায় গিয়ে বিএনপিতে যোগদান ও ধানের শীষ প্রতীকে নির্বাচনের বিষয়ে আলোচনা করেন। সাবেক উপদেষ্টা মাহফুজ আলমও বিএনপির প্রতীকে নির্বাচন করতে আগ্রহী ছিলেন বলে উল্লেখ করেন তিনি। এ জন্য দুজন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে দাবি করেন রাশেদ খান।


তাঁর ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা বিএনপির প্রতীকে নির্বাচন করুক, তা দলটি চায়নি। বিএনপিতে সুযোগ না পেয়ে আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দেন বলে দাবি করেন তিনি। অন্যদিকে, বিএনপিতে সুযোগ না পেলেও মাহফুজ আলম নিজের নৈতিক অবস্থান ধরে রেখেছেন বলে মন্তব্য করেন রাশেদ খান।


এনসিপিতে আসিফ মাহমুদের অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি। রাশেদ খানের দাবি, গণঅভ্যুত্থানে ভূমিকার কারণে নাহিদ ইসলামের পরই এনসিপিতে আসিফ মাহমুদের গুরুত্বপূর্ণ অবস্থানে থাকার কথা ছিল। তবে অতীতের বিতর্ক ও দলটিতে যোগদানের বিষয়ে দোদুল্যমান অবস্থানের কারণে তিনি বর্তমানে দলটির শীর্ষ নেতাদের মধ্যে পিছিয়ে রয়েছেন।


বিএনপির সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে রাশেদ খান দাবি করেন, বেশি আসন পাওয়ার আশায় এনসিপির শীর্ষ নেতারা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনা করেছিলেন। তবে বিএনপি চারটির বেশি আসন ছাড়তে রাজি হয়নি। তাঁর দাবি, বেশি আসন ও নির্বাচনী

খরচের প্রত্যাশায় এনসিপি শেষ পর্যন্ত জামায়াতের জোটে যোগ দেয়।
এনসিপির বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে রাশেদ খান একে সুবিধাবাদী রাজনীতি হিসেবে আখ্যা দেন। তাঁর মতে, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে এনসিপির কর্মসূচি বিএনপিকে রাজনৈতিক চাপে রাখার কৌশল হতে পারে।


স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করেও এনসিপি তাঁকে পদ থেকে সরাতে পারবে না বলে মন্তব্য করেন রাশেদ খান। সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক অভিজ্ঞতা, দীর্ঘ সংগ্রাম, মেধা ও যোগ্যতার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি রাজনৈতিক সুবিধা ভাগাভাগির রাজনীতি করে না; বরং রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতি করে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ