পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধ মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ নিজ এলাকায় দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতাদের বিরুদ্ধে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৮৭ বছর বয়সে মারা যান মানিক পশারী। পরে তাঁর মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে আনা হলে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়াকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়। পরিবারের অভিযোগ, এ সময় স্থানীয় জামায়াত নেতারা বাধা দেন। কয়েক ঘণ্টা অপেক্ষার পর জেলা পুলিশ লাইন্সের ভেতরে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে তাঁকে গার্ড অব অনার দেওয়া এবং পিরোজপুরে দাফন করতে না দেওয়ার কথা বলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম জানান, মানিক পশারী গেজেটেড মুক্তিযোদ্ধা ছিলেন এবং তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার আশঙ্কায় কবরের পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ন্যাশনিক্স/এলকে
