মোবাইলের আলোয় মুক্তিযোদ্ধা মানিক পশারীর কবর খুঁড়লেন মেয়ে ও তা বোনেরা

অবশ্যই পরুন

গভীর রাতে চারদিকে অন্ধকার। হাতে মুঠোফোনের আলো জ্বেলে কবর খুঁড়ছেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মেয়ে, তাঁর দুই বোন ও মেয়ের জামাতা। দাফনের জন্য স্বজন ও গ্রামবাসীর সহায়তা না পাওয়ায় পরিবারের সদস্যদেরই কবর খোঁড়ার কাজ করতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে পুলিশ পাহারায় মানিক পশারীর দাফন সম্পন্ন হয়।

পরিবারের সদস্যরা জানান, প্রশাসনের অনুমতি পাওয়ার পর শনিবার রাত সাড়ে ১১টার দিকে কবর খোঁড়ার প্রস্তুতি নেন তাঁরা। কিন্তু গ্রামের কেউ এগিয়ে আসেননি বলে তাঁদের অভিযোগ। পরে মুঠোফোনের আলোয় কবর খুঁড়তে শুরু করেন মানিক পশারীর মেয়ে শিমু পশারী, তাঁর দুই বোন হাসিনা বেগম ও হেনা বেগম এবং মেয়ের জামাতা ফারুক হোসেন।

শিমু পশারী বলেন, বাবার মরদেহ দাফনের জন্য তাঁকেই মুঠোফোনের আলো জ্বেলে কবর খুঁড়তে হয়েছে। গ্রামের কেউ এগিয়ে আসেননি বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ধারণা, জামায়াতের লোকজনের ভয়ে স্থানীয়রা সহায়তা করতে আসেননি।

মানিক পশারীর বোন হাসিনা বেগম বলেন, প্রশাসনের অনুমতি পাওয়ার পর তাঁরা গভীর রাতে অন্ধকারের মধ্যে কবর খুঁড়তে শুরু করেন। শেষ পর্যন্ত তাঁর ভাইয়ের দাফন সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

পরিবারের দাবি, মানিক পশারী গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ছিলেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলার বাদীও ছিলেন তিনি।

শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৮৭ বছর বয়সী মানিক পশারীর মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গেছে, গত দুই মাস ধরে তিনি অসুস্থ ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর নিজ এলাকা ছেড়ে মেয়ের জামাতার বাড়ি টুঙ্গিপাড়ায় আশ্রয় নিয়েছিলেন তিনি।

মৃত্যুর পর দুপুর ১২টার দিকে তাঁর মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে আনা হয়। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া নিয়ে বিরোধ দেখা দেয়। পরিবারের অভিযোগ, স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাদের বাধার কারণে তাঁদের প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে হয়। পরে বিকেল ৫টার দিকে পিরোজপুর পুলিশ লাইনসে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

মেয়ের জামাতা ফারুক হোসেন অভিযোগ করেন, মরদেহ নিয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যাওয়ার পর গার্ড অব অনারের জন্য বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হয়। এ সময় মরদেহ সাধারণ অ্যাম্বুলেন্সে বরফ ছাড়াই রাখা হয়েছিল বলেও দাবি করেন তিনি। দাফনের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ দায়িত্ব নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন ফারুক।

এদিকে, মানিক পশারীকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করেছিলেন বলে অভিযোগ রয়েছে পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুর রাজ্জাকের বিরুদ্ধে। তিনি মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে গার্ড অব অনার না দেওয়া এবং পিরোজপুরে দাফন করতে না দেওয়ার কথা বলেছিলেন বলে অভিযোগ উঠেছে।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম বলেন, মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মানিক পশারীর মরদেহ পুলিশ লাইনসে ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জামায়াতের রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে দাফনের বিষয়ে সমঝোতা হয়। পরে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ পাহারায় তাঁর দাফন সম্পন্ন করা হয়।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ