জ্বালানি সংকটের কারণে খুলনাঞ্চলের অধিকাংশ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। এতে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বাড়ছে লোডশেডিং। বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ওজোপাডিকোর আওতাধীন শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় নিয়মিত বিরতিতে বিদ্যুৎ থাকছে না ঘণ্টার পর ঘণ্টা।
পাওয়ার গ্রিড বাংলাদেশের লোড ডেসপাস সেন্টারের তথ্য অনুযায়ী, খুলনা অঞ্চলে ছোট-বড় মিলিয়ে ১০টি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের সম্মিলিত উৎপাদন সক্ষমতা প্রায় ৩ হাজার ৭০০ মেগাওয়াট। তবে জ্বালানি সংকটে অধিকাংশ কেন্দ্রই উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।
সোমবার ভেড়ামারা জিটিটিপি, খুলনা ২২৫ সিসিপিপি, রূপসা ১০৫ মেগাওয়াট, মোংলা ওরিয়ন ও রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ মোট ছয়টি কেন্দ্র বন্ধ ছিল। এর আগের দিন রোববার পাঁচটি, শনিবার ছয়টি এবং শুক্রবার সাতটি কেন্দ্র বন্ধ ছিল। গত ১৫ দিনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রতিদিন গড়ে ছয়টি বিদ্যুৎকেন্দ্র উৎপাদন বন্ধ রেখেছে। এসব কেন্দ্র বন্ধ থাকার প্রধান কারণ হিসেবে তেল ও গ্যাসের সংকটের কথা উল্লেখ করা হয়েছে।
খুলনা ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আলমগীর মাহফুজুর রহমান বলেন, জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে সক্ষমতা থাকা সত্ত্বেও কেন্দ্রটি চালু রাখা যাচ্ছে না। ন্যাশনাল লোড ডেসপাস সেন্টার থেকে চাহিদা না পাওয়ায় অনেক সময় উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। তাঁর ভাষ্য, কেন্দ্রটিতে বর্তমানে কোনো জ্বালানি নেই।
এদিকে বিদ্যুতের সরবরাহ ঘাটতির কারণে খুলনা, বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন তিন থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে।
ওজোপাডিকোর তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির আওতাধীন ২১ জেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা গড়ে প্রায় ৬৫০ মেগাওয়াট। রোববার সন্ধ্যার পর এসব এলাকায় চাহিদা ছিল ৬৯৪ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ করা হয় ৫৩০ মেগাওয়াট। তথ্য অনুযায়ী, ওই সময় চাহিদা ও সরবরাহের ব্যবধান ছিল ১৬৪ মেগাওয়াট।
একই সময়ে খুলনা জোনে বিদ্যুতের চাহিদা ছিল ৫২৮ মেগাওয়াট, সরবরাহ করা হয় ৪৪৭ মেগাওয়াট। ফলে ঘাটতি ছিল ৮১ মেগাওয়াট। বরিশাল জোনে ১৬৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ করা হয় ১৩১ মেগাওয়াট, ঘাটতি ছিল ৩৫ মেগাওয়াট। সন্ধ্যায় জেলাভিত্তিক ঘাটতির তালিকায় খুলনা শীর্ষে ছিল, জেলাটিতে ঘাটতি ছিল ৩০ মেগাওয়াট। এর আগে গত বুধবার দুপুর ১টার পর ২১ জেলায় ৬৬১ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ করা হয়েছিল ৫৬০ মেগাওয়াট। ওই সময় ঘাটতি ছিল ১০১ মেগাওয়াট।
প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম (ফেড) ২০২৫ সালের ডিসেম্বরে এক সংবাদ সম্মেলনে জানায়, দেশের বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের বড় অংশ আমদানিনির্ভর হওয়ায় উৎপাদন ব্যয় বাড়ছে। পাশাপাশি গ্যাসের সরবরাহও কম। সংগঠনটির মতে, এ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন।
প্রতিবেশ ও পরিবেশ সুরক্ষা কমিটির সদস্য গৌরাঙ্গ নন্দী বলেন, সরকার ব্যয় কমাতে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে। তাঁর দাবি, ফার্নেস অয়েল দিয়ে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ ১৮ টাকার বেশি, যেখানে সৌরবিদ্যুতের ক্ষেত্রে তা প্রায় ৯ টাকা। এ পরিস্থিতিতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
লোডশেডিং প্রসঙ্গে ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক আনম ওবায়দুল্লাহ বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না থাকলে ঘাটতি তৈরি হবে এবং লোডশেডিং করতে হবে। বিভিন্ন সংকটের কারণে বিদ্যুতের ঘাটতি রয়েছে। তবে পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ন্যাশনিক্স/এলকে
