দেশের ৪০ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস জানার পাশাপাশি কৃষকদের জন্য প্রায় ১০ ধরনের সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আখচাষিদের প্রণোদনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান জানান, কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ বা কৃষক কার্ড চালুর কাজ চলছে। ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক, ভূমিহীন ও বড় কৃষকদের তালিকা তৈরির কাজ এগিয়ে যাচ্ছে। পর্যায়ক্রমে ৪০ লাখ ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের কাছে এ কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসলের অন্তত একটির জন্য সার, বীজ ও কীটনাশক সরবরাহের চেষ্টা করবে সরকার। এ ছাড়া ফসলের বিমা এবং সহজে ব্যাংকঋণ পাওয়ার সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
আবহাওয়ার তথ্য পাওয়ার সুবিধা সম্পর্কে তিনি বলেন, কৃষকেরা কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে জানতে পারবেন তাঁদের এলাকায় পরদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না। এর ভিত্তিতে বীজ বপন, সার প্রয়োগসহ কৃষিকাজের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন তাঁরা।
অনুষ্ঠানে কৃষকদের সেচ ও পানির সুবিধা নিশ্চিত করতে খাল খনন এবং নদী সংস্কার কর্মসূচির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল এবং বরেন্দ্র প্রকল্প কার্যকারিতা লাভ করেছিল। কৃষকদের সেচের পানি নিশ্চিত করা এবং গ্রামাঞ্চলের মানুষের পানির কষ্ট কমাতে সরকার আবারও এসব কর্মসূচি শুরু করেছে।
তারেক রহমান জানান, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তাঁর ভাষ্য অনুযায়ী, গত আট মাসে প্রায় ৮০০ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
