জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের পুত্রবধূ এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশায়ের হোসেন মিঠুনের স্ত্রী লুবানা ইয়াসমিন হিয়ার বিরুদ্ধে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুর উপজেলায় আলোচনা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং ঢাকার বনানী থানার ওসি মো. সালাউদ্দিন।
বনানী থানার ওসি মো. সালাউদ্দিন জানান, গত ১০ অক্টোবর সেনা কর্মকর্তা মেজর রায়হানের স্ত্রী মোবাশ্বিরা রায়হান লিনা বাদী হয়ে লুবানা ইয়াসমিন হিয়ার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, সেনা কর্মকর্তার বাসা থেকে ১৮ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ৯ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্টের বনানী এলাকার সরকারি কোয়ার্টারে আত্মীয় লুবানা ইয়াসমিন হিয়াকে রেখে সন্তানকে চিকিৎসকের কাছে নিয়ে যান মেজর রায়হান ও তাঁর স্ত্রী লিনা। তাঁরা বাসায় ফিরে হিয়াকে সেখানে না পেয়ে স্বর্ণালংকার খুঁজতে থাকেন। পরে গহনাগুলো না পেয়ে বনানী থানায় মামলা করেন লিনা।
অভিযোগকারী পক্ষের দাবি, ঘটনার পর থেকে হিয়া আত্মগোপনে রয়েছেন। জানা গেছে, তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। হিয়া ঢাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে রসায়ন বিভাগে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন।
এ বিষয়ে জানতে চাইলে লুবানা ইয়াসমিন হিয়ার স্বামী ও জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশায়ের হোসেন মিঠুন বলেন, তাঁর কিছু বলার নেই। তিনি স্ত্রী থেকে আলাদা থাকছেন।
অন্যদিকে, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, পুত্রবধূর পড়াশোনা ও খাওয়া-দাওয়ার খরচ দিলেও তাঁর ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে তাঁর কিছু করার নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
লুবানা ইয়াসমিন হিয়ার বাবা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান অভিযোগটিকে মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি বলেন, তাঁর মেয়ে জামিনে রয়েছেন। আত্মীয়স্বজনের মধ্যে বিরোধের কারণে মামলাটি করা হয়েছে বলে তাঁদের ধারণা। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
ন্যাশনিক্স/এলকে
