গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে বিকাশের এক পরিবেশকের নগদ টাকা বহনকারী গাড়ি আটকে প্রায় তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানের এক হিসাবরক্ষণ কর্মকর্তা। আহত হয়েছেন গাড়িচালক ও একজন এরিয়া ম্যানেজারও।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেল, গাড়িচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, মাওনা চৌরাস্তা এলাকায় তাদের প্রতিষ্ঠান বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন পরিশোধের চাপ থাকায় নগদ টাকার প্রয়োজন দেখা দেয়।
তিনি বলেন, বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের পরিবেশক হযরত আলী মুন্সীর কাছ থেকে বিকাশের ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা আনা হচ্ছিল। ব্যক্তিগত একটি গাড়িতে করে ওই টাকা পরিবহন করা হচ্ছিল।
মোস্তাফিজুর রহমানের ভাষ্য অনুযায়ী, গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত সেটির পথরোধ করে। তারা চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভাঙে। একপর্যায়ে পিস্তল দিয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেলকে গুলি করা হয়।
পরে গাড়িতে থাকা তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা নগদ টাকা নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরিবেশক প্রতিষ্ঠানের প্রাথমিক হিসাব অনুযায়ী, লুট হওয়া টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা। তবে গাড়িতে মোট চার কোটি টাকা ছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ন্যাশনিক্স/এলকে
