কক্সবাজারের সেন্টমার্টিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি দলের পরিচালিত খতনা ক্যাম্প নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। ক্যাম্পে খতনা করানো শিশুদের একটি বড় অংশ পরবর্তী সময়ে রক্তপাত, ফোলা, ব্যথা ও ইনফেকশনসহ বিভিন্ন জটিলতায় পড়েছে বলে স্থানীয়দের দাবি।
অভিযোগ অনুযায়ী, প্রায় দেড়শ সদস্যের একটি দল ‘ফ্রি চিকিৎসা’র কথা বলে স্থানীয় ইউএনওর কাছ থেকে অনুমতি নেয়। পরে দ্বীপে গিয়ে শিশুদের খতনা কার্যক্রম শুরু করে তারা। প্রথম ১০০ শিশুর কাছ থেকে ১০০ টাকা এবং পরবর্তী শিশুদের কাছ থেকে ৭০০ টাকা করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
ক্যাম্প শেষে দলটি দ্বীপ ছাড়ার পর পরিস্থিতি জটিল হয় বলে স্থানীয়রা জানান। তাদের দাবি, অনেক শিশুর সেলাই, ব্যান্ডেজ ও ওষুধ ব্যবস্থাপনা যথাযথভাবে করা হয়নি। ফলে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫০ থেকে ৬০ শিশু চিকিৎসার জন্য হাসপাতালে আসে।
এক শিশুর রক্তপাত বন্ধ না হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়েছে বলেও জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, সেন্টমার্টিনে বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা সুবিধা সীমিত থাকা সত্ত্বেও এভাবে বড় পরিসরে খতনা ক্যাম্প পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে জামায়াতে ইসলামীর এই দলটি কী উদ্দেশ্যে দ্বীপে এসেছিল, তাদের চিকিৎসা কার্যক্রমের অনুমোদন ও চিকিৎসকদের যোগ্যতা যথাযথ ছিল কি না—তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
