ফ্যামিলি কার্ড দেওয়ার নামে ৯৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী আটক

অবশ্যই পরুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ছয়জন প্রান্তিক মানুষের কাছ থেকে ৯৮ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। দেড় মাস ধরে কার্ড দেওয়ার কথা বলে সময়ক্ষেপণের পর আরও টাকা দাবি করায় কৌশলে তাকে ডেকে এনে পুলিশের হাতে তুলে দেন ভুক্তভোগীরা।

আটক নারীর নাম নার্গিস আক্তার (৩৬)। তিনি উপজেলার মৃগালী গ্রামের খোকন আলীর স্ত্রী। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে আঠারবাড়ী ইউনিয়নের রায়েরবাজার এলাকায় কৃষি ব্যাংকের সামনে তাকে আটক করা হয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগীরা সবাই পাশের নান্দাইল উপজেলার কামারগাঁও ইউনিয়নের দোরুয়া গ্রামের বাসিন্দা। তারা হলেন হোসনে আরা বেগম, রাবেয়া খাতুন, জোসনা খাতুন, আছিয়া খাতুন, তন্নী আক্তার লিমা ও কনক মিয়া।

ভুক্তভোগী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পূর্বপরিচয়ের সূত্র ধরে নার্গিস আক্তার তাদের সরকারি ফ্যামিলি কার্ড দ্রুত করে দেওয়ার আশ্বাস দেন। এ জন্য রাবেয়া খাতুনের কাছ থেকে ১৮ হাজার টাকা এবং অন্য পাঁচজনের কাছ থেকে ১৬ হাজার টাকা করে নেওয়া হয়। সব মিলিয়ে ৯৮ হাজার টাকা দেওয়ার পরও তারা কার্ড পাননি। বরং প্রায় দেড় মাস ধরে বিভিন্ন অজুহাতে তাদের ঘোরানো হয়।

ভুক্তভোগী রাবেয়া খাতুনের দাবি, আঠারবাড়ী ইউনিয়নের দুই ইউপি সদস্যের প্রভাব কাজে লাগিয়ে কার্ড করে দেওয়ার কথা বলেছিলেন নার্গিস। সম্প্রতি তিনি আরও ৪ হাজার টাকা দাবি করলে তাদের সন্দেহ হয়।

পরে ভুক্তভোগীরা বাকি টাকা দেওয়ার কথা বলে নার্গিসকে রায়েরবাজার এলাকায় ডেকে আনেন। সেখানে পৌঁছানোর পর স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, বিষয়টি সোমবার তার নজরে আসে। তাদের নাম ব্যবহার করে নার্গিস সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন বলে জানতে পারেন। এরপর ভুক্তভোগীদের মাধ্যমে তাকে টাকা দেওয়ার কথা বলে ডেকে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগে নার্গিস আক্তারকে আটক করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রতারণার মামলা ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ