বিয়ে পড়ানোর কথা বলে বাড়ি থেকে কাজীকে তুলে নিয়ে চাঁদা আদায়, যুবদল নেতা গ্রেপ্তার

অবশ্যই পরুন

মুন্সিগঞ্জে বাসা থেকে এক কাজিকে তুলে নিয়ে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় রাজিব হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অভিযোগে আদায় করা দুই লাখ টাকা জব্দ করা হয়েছে।

ভুক্তভোগী কাজির নাম মো. হাবিবুর রহমান (৫২)। তিনি মুন্সিগঞ্জ শহরের কাটাখালী এলাকায় বসবাস করেন। অভিযোগ অনুযায়ী, সোমবার দুপুরে রাজিব হোসেন, তার বন্ধু স্বপনসহ কয়েকজন মোটরসাইকেলে করে হাবিবুর রহমানের বাসায় যান। বিয়ে পড়ানোর কথা বলে তাকে প্রথমে কাটাখালী এলাকার কার্যালয়ে এবং পরে মুক্তারপুর এলাকায় নিয়ে যাওয়া হয়।

মামলার এজাহারে হাবিবুর রহমান অভিযোগ করেন, মুক্তারপুরের একটি কক্ষে তাকে আটকে রেখে দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে কাজির লাইসেন্স বাতিল এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। পরে ভয়ে তিনি টাকা দিতে রাজি হন।

এরপর তাকে মুন্সিগঞ্জ কাঁচারিবাজারের অগ্রণী ব্যাংক পিএলসি শাখায় নিয়ে তার ব্যাংক হিসাব থেকে দুই লাখ টাকা উত্তোলন করানো হয়। পরে তার স্ত্রী নাসিমা বেগমের উপস্থিতিতে অভিযুক্তদের টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিমউদ্দিন জানান, এ ঘটনায় রাজিব হোসেনসহ তিনজনের নাম উল্লেখ করে এবং আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। মামলার পর দুজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ