এশিয়ান গেমসের উদ্বোধনী দিনেই অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়োজকদের অনুরোধে চীনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে হাজির হলেও শেষ পর্যন্ত প্রতিপক্ষ দলের দেখা পায়নি বাংলাদেশ।
শনিবার সকাল ৯টায় ম্যাচটি হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ দল মাঠে পৌঁছে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়। তবে মাঠে যাওয়ার পর কিউরেটর বাংলাদেশ দলকে জানান, ম্যাচটি হচ্ছে না। কিছুক্ষণ পর জানা যায়, চীন নারী দল মাঠে আসছে না।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ জানান, ম্যাচের প্রস্তুতি নিতে সকাল সাড়ে ৭টার দিকে দল মাঠে পৌঁছেছিল। পরে ম্যাচ না হওয়ার বিষয়টি তাদের জানানো হয়। প্রতিপক্ষ না আসায় বাংলাদেশ দল সেমিফাইনালের প্রস্তুতি হিসেবে নিজেদের অনুশীলন সম্পন্ন করে।
ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ। তাঁর ভাষ্য, অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) বিশেষ অনুরোধে বিসিবির সঙ্গে যোগাযোগের পর বাংলাদেশ এই প্রীতি ম্যাচ খেলতে সম্মতি জানিয়েছিল। ম্যাচ আয়োজনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরও চীন দল মাঠে না আসার বিষয়টি ওসিএকে জানানো হয়েছে।
চীন কেন ম্যাচে অংশ নেয়নি, সে বিষয়ে তাদের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো বক্তব্য জানা যায়নি। তবে ইমরোজ আহমেদ ধারণা করছেন, ম্যাচটির ধরন নিয়ে দুই পক্ষের মধ্যে যোগাযোগের ঘাটতি থাকতে পারে। তাঁর মতে, চীন হয়তো এটিকে আনুষ্ঠানিক ম্যাচ হিসেবে খেলতে চেয়েছিল, যেখানে বাংলাদেশ শুধু প্রীতি ম্যাচে অংশ নিতে সম্মত হয়েছিল। মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিষয়টি যথাযথভাবে চীনকে জানানো না হয়ে থাকতে পারে।
এর আগে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী না থাকায় ম্যাচটি পরিত্যক্ত হয়। পরে আইসিসি র্যাংকিংয়ে এগিয়ে থাকার কারণে বাংলাদেশ নারী দল সেমিফাইনালে জায়গা করে নেয়।
ন্যাশনিক্স/এলকে
