সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে চলমান দুর্নীতির অভিযোগের অনুসন্ধান নির্বিঘ্ন রাখতে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের অনুসন্ধানসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে আজকের পত্রিকা জানিয়েছে, অনুসন্ধান চলাকালে আসিফ মাহমুদ বিদেশে চলে যেতে পারেন—এমন আশঙ্কা রয়েছে। তিনি দেশ ছাড়লে অনুসন্ধান কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছে সংস্থাটি। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করা হবে।
দুদক সূত্রের তথ্য অনুযায়ী, আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থ পাচার, সরকারি পদে নিয়োগ ও পদায়নে অর্থ লেনদেন, টেন্ডার-সংক্রান্ত অনিয়ম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। অভিযোগগুলোর পক্ষে পাওয়া তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট নথি যাচাই করছে দুদক।
