লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হওয়া একটি গরু বিএনপির এক নেতার গোয়াল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্থানীয় বিএনপি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে গরুটি উদ্ধার করা হয়। শোকজ পাওয়া বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের নলছারা জোয়ার বাড়ি এলাকার হতি বেগমের দুটি গরু চুরি হয়। পরদিন শুক্রবার এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করা হয়। এরপর চুরি যাওয়া গরু দুটির সন্ধানে স্বজন ও স্থানীয়রা বিভিন্ন এলাকায় খোঁজ শুরু করেন।
খোঁজের একপর্যায়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা দেলোয়ার হোসেনের গোয়ালে একটি গরু দেখতে পান। বিষয়টি জানাজানি হলে তাঁর বাড়ির সামনে লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটি উদ্ধার করে।
পুলিশের ভাষ্য, ঘটনার বিষয়ে দেলোয়ার হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। তবে তাঁকে এলাকায় পাওয়া যায়নি। পরে মুঠোফোনে দেলোয়ার দাবি করেন, গভীর রাতে দুজন ব্যক্তি গরুটি তাঁর গোয়ালে রেখে গেছেন। দলীয় শোকজের নোটিশ পাওয়ার কথাও তিনি জানিয়েছেন এবং এর জবাব দেবেন বলে জানান।
ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার বলেন, ঘটনাটি দুঃখজনক। সাংগঠনিক নিয়ম অনুযায়ী দেলোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে তাঁকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর দলীয়ভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, চুরি যাওয়া দুটি গরুর একটি দেলোয়ার হোসেনের বাড়ি থেকে এবং অপরটি চাটখিল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। দেলোয়ারকে পুলিশ খুঁজছে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ন্যাশনিক্স/এলকে
