প্রধানমন্ত্রীর গাড়িবহরে মোটরসাইকেল নিয়ে ঢোকার অভিযোগ, মুবিন ৫ দিনের রিমান্ডে

অবশ্যই পরুন

রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে ভেতরে ঢুকে পড়ার অভিযোগে মহিবুল্লাহ মুবিন ওরফে মুবিন মাঝি (৩০) নামে এক যুবককে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় শুনানি শেষে আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত শনিবার (৫ সেপ্টেম্বর) ফার্মগেট এলাকায় ঘটনাটি ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা মুবিন মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনীর মধ্যে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীর পতাকাশোভিত গাড়ির বাঁ পাশের জানালার কাছাকাছি চলে যান। চলন্ত মোটরসাইকেল থেকেই তাঁকে হাত উঁচিয়ে সালাম দিতে দেখা যায়।

ঘটনার পর তাঁর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাঁকে আটক করে তেজগাঁও থানায় নিয়ে যায়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুনিরুজ্জামান জানিয়েছিলেন, আটকের পর মুবিনের দেহ তল্লাশি করে সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি। তবে তাঁর আচরণ নিয়ে পুলিশের সন্দেহ ছিল। প্রাথমিকভাবে তাঁর নিজ এলাকা বরিশালের বাবুগঞ্জে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।

মুবিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা প্রয়াত ইউনুস মাঝি ছিলেন একজন প্রধান শিক্ষক। মুবিন ঢাকায় রাইড শেয়ারিংয়ের কাজ করতেন বলে জানা গেছে।

ঘটনার প্রকৃত উদ্দেশ্য এবং মুবিনের গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করার কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ