দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯৪ জনে।
রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কুমিল্লা, মৌলভীবাজার ও খুলনা জেলায় হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন।
এদিকে একই সময়ে সারাদেশে নতুন করে ৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৯৬ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছরে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে হাম ও হামের উপসর্গের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ৯৯৪
