আরও দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছে হাই কোর্ট

অবশ্যই পরুন

চট্টগ্রামে ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট।
রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাই কোর্ট বেঞ্চ জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দেন।


এর আগে গত ৩ আগস্ট একই বেঞ্চ ভাঙচুর, হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেন।


চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, রোববার চট্টগ্রামের কোতোয়ালী থানায় করা দুটি মামলায় জামিন পেয়েছেন তার মক্কেল। এর মধ্যে একটি ভাঙচুর এবং অন্যটি পুলিশের কাজে বাধা দেওয়ার মামলা।


আইনজীবীর ভাষ্য অনুযায়ী, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি সিআর মামলা আগে থেকেই জামিনে রয়েছে। সমসাময়িক সময়ে দায়ের হওয়া ছয়টি মামলার মধ্যে পাঁচটিতে তিনি জামিন পেয়েছেন। চারটি মামলায় রুলের বিষয় নিষ্পত্তি হয়েছে এবং একটি মামলা আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।


তবে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন থাকায় এই মুহূর্তে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না চিন্ময় কৃষ্ণ দাস।
এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী।


চিন্ময় কৃষ্ণ দাস ২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে কারাগারে আটক রয়েছেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলার মধ্য দিয়ে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়। ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


পরদিন চট্টগ্রামের আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নাকচ হয়। এ সময় তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের মধ্যে আদালত-সংলগ্ন এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।


ওই ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই মামলায়ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।


এ ছাড়া হত্যাচেষ্টা, হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে করা আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ