বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে আইয়ুব বাচ্চু এক অনন্য নাম। গিটার, কণ্ঠ ও সুরের মায়ায় কয়েক দশক ধরে তিনি জয় করেছেন অসংখ্য শ্রোতার হৃদয়। আশির দশক থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর সৃষ্টিতে সমৃদ্ধ হয়েছে দেশের ব্যান্ড সংগীত।
‘ফেরারি মন’, ‘চলো বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘হকার’, ‘কষ্ট পেতে ভালোবাসি’ ও ‘রূপালী গিটার’সহ অসংখ্য জনপ্রিয় গান আজও শ্রোতাদের মাঝে সমানভাবে জনপ্রিয়। শিল্পী হিসেবে খ্যাতির শীর্ষে থেকেও সাধারণ মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ছিল আলাদা।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। ২০১৮ সালের ১৮ অক্টোবর ৫৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি শিল্পী। বেঁচে থাকলে আজ তাঁর বয়স হতো ৬৪ বছর।
তাঁর জন্মদিন উপলক্ষে এবার বিশেষ আয়োজনে প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর ২০টি কালজয়ী গান। ‘উত্তরাধিকার’ নামের বিশেষ অ্যালবামে গানগুলো নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন দেশের ৮টি উদীয়মান ব্যান্ড ও ১২ জন একক শিল্পী।
অ্যালবামটি ডাবল সিডির পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রকাশ করা হবে। এতে থাকছে ‘চলো বদলে যাই’, ‘রূপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘গতকাল রাতে’, ‘চাঁদ মামা’, ‘অচেনা জীবন’, ‘মাধবী’ ও ‘বাংলাদেশ’সহ তাঁর জনপ্রিয় বেশ কিছু গান।
তবে এই আয়োজন শুধু স্মরণে সীমাবদ্ধ থাকছে না। ‘উত্তরাধিকার’ অ্যালবাম থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে বহুল প্রতীক্ষিত ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’ নির্মাণের তহবিলে।
মৃত্যুর আট বছর পরও তাঁর গান, সুর ও গিটারের জাদু শ্রোতাদের কাছে অমলিন। জন্মদিনে তাই নতুন প্রজন্মের কণ্ঠে তাঁর গান ফিরে আসা হয়ে উঠেছে কিংবদন্তি এই শিল্পীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার এক বিশেষ প্রকাশ।
