প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে দিল্লিকে অনুকূল ও সহায়ক পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর সামনে রেখে দিল্লির সঙ্গে অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে বাংলাদেশ থেকে আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ শরীফ ওসমান হাদিহত্যা মামলায় জড়িত ব্যক্তি এবং অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণের ক্ষেত্রেও অনুকূল পরিবেশের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নিতে ২০ থেকে ২৫ আগস্টের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা রয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে ঢাকা ও নয়াদিল্লি সফরের সময়সূচি চূড়ান্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম ভারত সফর হতে পারে।
