শিল্পকারখানার গ্যাস সংকট কাটাতে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হতে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ শনিবার দুপুরে সিলেটে ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্প’-এর জেলা পর্যায়ের কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, শিল্পখাতের বর্তমান গ্যাস বিগত সরকারের সৃষ্টি। এই সমস্যা কাটাতে এলএনজি আমদানি ও সরবরাহ অবকাঠামোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে অন্তত দুই বছর সময় লাগবে।
তিনি আরও উল্লেখ করেন, এই মধ্যবর্তী দুই বছর শিল্পখাতের জন্য অত্যন্ত সংবেদনশীল। তাই প্রচলিত নিয়মের বাইরে গিয়ে দ্রুত কোনো সমাধান করা যায় কিনা, সে বিষয়ে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে মালয়েশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘পেট্রোনাস’-এর মাধ্যমে সাগরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে এলএনজি স্থানান্তরের একটি সম্ভাব্য উদ্যোগের কথা জানান তিনি।
কর্মশালায় কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
