স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বন্ধে ইসিকে প্রস্তাব জামায়াতের

অবশ্যই পরুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের পদধারী বা সক্রিয় নেতা-কর্মীদের প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রস্তাব দিয়েছে।

দলটি চায়, স্থানীয় সরকারের সিটি করপোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের প্রস্তাবিত নির্বাচনী আচরণবিধিতে এমন বিধান যুক্ত করা হোক, যাতে আওয়ামী লীগের পদধারী বা সক্রিয় নেতা-কর্মীদের নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা যায়।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি সুপারিশও করা হয়েছে বলে জানান তিনি।

দলটির প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে নির্বাচনী প্রচারণায় মন্ত্রী ও সংসদ সদস্যদের অংশগ্রহণ স্পষ্টভাবে নিষিদ্ধ করা, স্থানীয় সরকার প্রশাসনে নিয়োজিত প্রশাসক বা উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে থাকা ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং প্রার্থিতা বাতিলের পাশাপাশি আপিলের সুযোগ নিশ্চিত করা।

এ ছাড়া নির্বাচনী ক্যাম্পে প্রযুক্তি ব্যবহারের বিষয়ে স্পষ্ট বিধান, ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ ও সংবাদ সংগ্রহের অধিকার নিশ্চিত করার বিধান সংযোজনেরও প্রস্তাব দিয়েছে দলটি।

বিশেষ দুটি প্রস্তাবের মধ্যে রয়েছে সংরক্ষিত নারী সদস্যপদ বাতিল করে ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে নারী সদস্যের সরাসরি নির্বাচন এবং জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের ভোটার নির্ধারণের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ