সরকার যুক্তরাষ্ট্র থেকে সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় আরও ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুর থেকেও ৫০ হাজার মেট্রিক টন গম কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এই দুই চালান আমদানিতে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫২ কোটি ৪০ লাখ ৯৪ হাজার টাকা।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে পৃথক দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে খাদ্যশস্যের মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিদেশ থেকে গম আমদানি করা হচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে জি-টু-জি ব্যবস্থায় এর আগে চারটি চালানে মোট প্রায় ২ লাখ ৪০ হাজার মেট্রিক টনের বেশি গম দেশে এসেছে। এসব চালানে যথাক্রমে ৫৬ হাজার ৯৫৯ টন, ৬০ হাজার ৮০২ টন, ৬০ হাজার ৮৭৫ টন এবং ৬০ হাজার ৯৫০ টন গম আমদানি করা হয়। চলতি বছরও একই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে একাধিক দফায় গম সংগ্রহ করেছে সরকার।
এ ছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন দেশ থেকেও গম সংগ্রহ করা হচ্ছে। এ ক্ষেত্রে রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, রোমানিয়া, ইউক্রেন, আর্জেন্টিনা ও কাজাখস্তানসহ বিভিন্ন দেশের বাজারদর, গমের মান এবং সরবরাহ পরিস্থিতি বিবেচনায় ক্রয় সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে এবার যুক্তরাষ্ট্র থেকে গম কেনার মূল্য আন্তর্জাতিক বাজারদরের তুলনায় বেশি হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
